Shamik Bhattacharya: কালীঘাটের কালী বলে দিয়েছেন আমি তোমার ফাইল নিতে পারব না: শমীক – Bengali News | Kali of Kalighat has said that I cannot take your file, Shamik Bhattacharya’s severe attack on Trinamool
কলকাতা: “কালীঘাটের কালী বলে দিয়েছেন তুমি আমার প্রতিবেশী হতে পারো, কিন্তু তুমি যা করেছ তাতে আমি তোমার ফাইল নিতে পারব না।” বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েই টিভি ৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাষাতেই তোপ দাগলেন শমীক ভট্টাচার্য। সোজা কথায়, তৃণমূল রোধের স্টাইল যে বদলাচ্ছে বঙ্গ বিজেপি তা হাবেভাবে ঠারেঠারে বুঝিয়ে দিলেন তিনি। কালী, জগন্নাথের পাশাপাশি টেনে আনলেন এক্কেবারে বিবেকানন্দকেও।
শমীকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চজুড়ে ছিল কালীঘাটের কালীর ছবি। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের শেষ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মত বিজেপির বাঙিলায়ানায় যে ফাঁক ছিল তাই যেন পূরণ করতে চাইছেন শমীক। তাও নিজস্ব ঢঙে। অনেকেই বলছেন, যে হিন্দু বাঙালির বড় অংশ এতদিন বিজেপির থেকে মুখ ফিরিয়ে ছিল এই কায়দাতেই তাঁদের ঘরে ফেরাতে চাইছে শমীকের বিজেপি।
এদিন কালীঘাটের কালীর ছবির প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে খোঁচার পর খোঁচা দিয়ে গেলেন। কটাক্ষের সুরেই বললেন, “কালীঘাট তো শক্তিপীঠ। বাঙালীর সঙ্গে কালীর তো নিবিড় যোগ রয়েছে। কালী বাদ দিয়ে কোনও পরিচয় নেই। এমনকী বিবেকানন্দ বলেছেন এখানে কালী পাঁঠা খাবে। সেখানে কালীর ছবি নিয়ে আপত্তি কেন?”