Narkeldanga: ‘হঠাৎ করে এসে বন্দুকের বাঁট দিয়ে মারল…’, নারকেলডাঙায় বিধায়ক অনুগামীদের ওপর ‘হামলা’ কাউন্সিলরের অনুগামীদের – Bengali News | Narkeldanga Councilor’s followers ‘attack’ MLA’s followers in Narkeldanga
নারকেলডাঙা তৃণমূলের অশান্তিImage Credit source: TV9 Bangla
কলকাতা: এলাকা দখলকে কেন্দ্র করে নারকেলডাঙ্গা থানা এলাকায় কাইজার স্ট্রিটে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল অন্দরে কান পাতলে শোনা যায়, বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর শচীন সিং গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে। ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাইজার স্ট্রিটে কয়েকজন যুবক বসে কথা বলছিলেন। সেও সময় ৩৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের অনুগামীরা এসে অতর্কিতে পিছন থেকে হামলা চালায় বলে অভিযোগ। কোনও রকমের প্ররোচনা ছাড়াই হামলা চলে বলে অভিযোগ। বন্দুকের বাঁট ও চপাড় দিয়ে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ওই পরিস্থিতির মাঝে পড়ে এক বৃদ্ধাও আক্রান্ত হন বলে অভিযোগ।
অভিযোগ, কাউন্সিলর শচীন সিংয়ের এই অনুগামীরা নানা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আক্রান্তরা প্রত্যেকেই এলাকার বিধায়ক পরেশ পালের অনুগামী বলে দাবি।
এক আক্রান্ত বলেন, “কয়েকটা ছেলে হুট করে এসে বন্দুকের বাঁট দিয়ে মারল, ডান্ডা দিয়ে মারল, শচীনের ছেলেরা সব। কলার ধরে টেনে দীপুকে এমন চাপড় মেরেছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়।” এই ঘটনায় কাউন্সিলরের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
