Barasat Court: নিজের মেয়ের সঙ্গে এমনটা কেউ করতে পারেন? অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বারাসত কোর্টের – Bengali News | Barasat Court Ruled Life Sentence to Father in POCSO Offence Against His Daughter
সওয়ালকারী সরকারি আইনজীবী গৌতম সরকারImage Credit source: নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনা: একজন বাবা সেও এমনটা করতে পারেন? একটা ঘটনা যেন সম্পর্কের রসায়নটাকেই গুলিয়ে দিল। কাদের মধ্য়ে? যারা কিনা বাবা-মেয়ে। নিজের সন্তানের সঙ্গে যে এই পৈশাচিক ব্য়বহার করা যায় তা হয়তো কল্পনাও করতে পারেনি এই সমাজ।
ঘটনা ২০২২ সালের। নিজের নাবালিক মেয়েকে নিয়ে হঠাৎ করেই নিউটাউন থানায় হাজির হন মা। অভিযোগ দায়ের করেন নিজের স্বামীর বিরুদ্ধে। অভিযোগটা কীসের? শারীরিক নির্যাতন, নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের। একজন বাবার বিরুদ্ধে উঠল তার মেয়েকে বারংবার ধর্ষণের অভিযোগ, তুললেন খোদ মা।
অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি বারাসতের পকসো আদালতে ওঠে মামলা। যুক্তি-তর্ক, সাক্ষ্য প্রমাণ পেশ, হতে থাকে একের পর এক শুনানি। আর এই ভাবেই কাটে সময়। অবশেষে গতকাল অর্থাৎ সোমবার সেই পকসো মামলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে বড় রায় ঘোষণা করেন বিচারক। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় বারাসতের নিম্ন আদালত। এছাড়াও, ক্ষতিপূরণ হিসাবে নাবালিকাকে ৫০ হাজার টাকা প্রদানের জন্য অভিযুক্তকে নির্দেশ দেন বিচারক।
এদিন মামলার সওয়ালকারী সরকারি আইনজীবী গৌতম সরকার বলেন, ‘অভিযুক্তকে পকসো আইনের ধারা ৬-এর প্রয়োগের মাধ্য়মে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা নাবালিকাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অভিযুক্ত যদি সময় মতো সেই টাকা প্রদান করতে না পারেন, তা হলে আরও দু’বছর সাজার মেয়াদ বাড়বে তার।’
আইনজীবীর সংযোজন, ‘অভিযুক্ত নাবালিকার নিজের বাবা। তিনি বেশির ভাগ সময়টা মেয়েকে নিয়ে বাড়িতেই থাকতেন। আর তা মা কাজে গেলেই শুরু হত পৈশাচিক অত্যাচার। দিনের পর দিন নিজের সন্তানকে ধর্ষণ করেছেন তিনি। একদিন বাঁধ ভাঙে মেয়ের। মায়ের কাছে মুখ খোলে সে। তারপর স্বামীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ হন ওই মহিলা।’
