HC On Kasba Case: ‘অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক…’, কসবাকাণ্ডে হাইকোর্টে দায়ের ৩টি জনস্বার্থ মামলা – Bengali News | Hc on kasba case: ‘Investigation should be conducted under the supervision of a retired judge…’, 3 public interest litigations filed in the High Court in the Kasba case
কলকাতা: কসবার গণধর্ষণকাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
মামলা দায়েরর অনুমতি চান আইনজীবী সৌম্যশুভ্র রায়, আইনজীবী সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। বিচারপতি তাতে অনুমতি দেন। আইনজীবীদের দাবি, আদালতের নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত, কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই অপরপক্ষকে নোটিস দেওয়ার কথা বলা হয়েছে। কসবাকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে । মূল অভিযুক্তের আরও এক অশ্লীল ভিডিয়ো এসেছে সামনে।
কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। সোমবার কলকাতায় এসে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের নেতৃত্বে এই টিম, দলে রয়েছেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র। এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের।
কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর প্রশ্ন, “বিজেপি শাসিত রাজ্যে ফ্যাক্ট খুঁজতে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না?”
