পুরনো সংরক্ষণবিধি মেনেই চলবে যাবতীয় ভর্তি থেকে নিয়োগ, স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

পুরনো সংরক্ষণবিধি মেনেই চলবে যাবতীয় ভর্তি থেকে নিয়োগ, স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট

Spread the love

কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রস্তাবিত ওবিসি সংরক্ষণে স্থগিতাদেশ দেওয়ায় বন্ধ রাখা যাবে না কোনও ভর্তি বা নিয়োগ প্রক্রিয়া। পুরনো ওবিসি সংরক্ষণ বিধি মেনে চালিয়ে যেতে হবে যাবতীয় ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার এক পর্যবেক্ষণে একথা জানালেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানিয়েছেন, কলেজে ভর্তির জন্য রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কোনও স্থগিতাদেশ জারি করবে না আদালত।

আদালতের নির্দেশ না মেনে রাজ্য সরকার প্রস্তাবিত ওবিসি সংরক্ষণ বিধি মেনে কলেজে ভর্তির পোর্টালে নিয়োগপ্রক্রিয়া চালানো হচ্ছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মান্থা বলেন, আদালত ওবিসি এ বা ওবিসি বি সংরক্ষণবিধি নিয়ে এখনও কোনও চিন্তা ভাবনা করেনি। আদালত নির্দেশ স্পষ্ট। তাতে ওবিসি সংরক্ষণের আওতাধীন ৬৬টি জাতিকে নিয়ে যে কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। আদালত আশা করে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানবে।

তখন রাজ্যের আইনজীবী দাবি করেন, কলেজে ভর্তির পোর্টাল যখন খোলা হয়েছিল তখন আদালতের স্থগিতাদেশ ছিল না। ফলে রাজ্যের প্রস্তাবিত সংরক্ষণবিধি অনুসারেই সেখানে ওবিসি সংরক্ষণের উল্লেখ ছিল। তখন বিচারপতি বলেন, কলেজে ভর্তির পোর্টাল চালু থাকবে। ভর্তি হবে পুরনো সংরক্ষণবিধি মেনে।

বলে রাখি, রাজ্যের প্রস্তাবিত ওবিসি সংরক্ষণের ওপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ওবিসি সংরক্ষণের সমীক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *