পাইপলাইন যাচাই, জলের পরীক্ষা, জল জীবন মিশনের কাজে সন্তুষ্ট কেন্দ্রের প্রতিনিধি দল - 24 Ghanta Bangla News
Home

পাইপলাইন যাচাই, জলের পরীক্ষা, জল জীবন মিশনের কাজে সন্তুষ্ট কেন্দ্রের প্রতিনিধি দল

Spread the love

বিভিন্ন প্রকল্পে বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের দীর্ঘদিনের। এ নিয়ে একাধিবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসে বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই আবহেই এবার জল জীবনের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন এমনটাই দাবি করেছে।

আরও পড়ুন: মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ, থমকে রয়েছে জলজীবন মিশনের অগ্রগতি, কাজ শেষের নির্দেশ

জানা যাচ্ছে, জল জীবন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে কয়েক দিন আগেই কেন্দ্রের দুই সদস্যের একটি প্রতিনিধি দল আসে তাঁরা চারদিন ধরে এই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তাঁদের পরিদর্শনে ছিল পাইপলাইন বসানোর কাজ থেকে শুরু করে জলের গুণমান পরীক্ষা করা সবকিছুই। জানা গিয়েছে, তাঁরা নিজেরাই একাধিক এলাকায় প্রকল্পের বাস্তব চিত্র দেখেছেন। কোথাও কোনও বড় ত্রুটি ধরা পড়েনি বলেই জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

প্রতিনিধি দলের এই সমীক্ষার পরই জেলা প্রশাসনের কাজের প্রশংসা করেছেন তাঁরা। প্রশাসনের দাবি, কেন্দ্রীয় প্রতিনিধিরা দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও মথুরাপুর জল প্রকল্প ঘুরে দেখেন। পাশাপাশি, কুলপি এবং ডায়মন্ডহারবার-১ ব্লকেও তাঁরা সরেজমিনে পরিদর্শনে যান। শুধু বড় প্রকল্প নয়, তাঁরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায়ও যান এবং স্থানীয় স্তরে প্রকল্পের কাজ কেমন চলছে, সেটা যাচাই করেন।

জল পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কিনা, তা জানতে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তাঁরা। এমনকী পঞ্চায়েত প্রধান, স্থানীয় কর্মী ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন কেন্দ্রের প্রতিনিধিরা। জলের গুণগত মান পরীক্ষার সময় নানা প্রশ্ন করা হয় কর্মীদের। সব প্রশ্নের জবাব তাঁদের সন্তুষ্ট করেছে বলেই সূত্রের খবর। পুরো পরিদর্শনের শেষে তাঁরা জেলা প্রশাসনের কর্মপদ্ধতি এবং প্রকল্প বাস্তবায়নের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও পঞ্চায়েত স্তরের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সার্বিকভাবে এই পরিদর্শন সফল হয়েছে বলেই মনে করছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *