Kaliganj By election: কালীগঞ্জ দিয়েই শুরু হয়ে গেল ছাব্বিশের ‘রিহার্সাল’, স্বল্প সংখ্যক ভোটার যাচ্ছেন বুথে – Bengali News | Voters going and give vote Kaliganj By election 2025 tmc,bjp,cpm
কালীগঞ্জে চলছে ভোট
Image Credit source: Tv9 Bangla
নদিয়া: ২০২৬-এর নির্বাচনের খুব বেশি দেরী নেই। তার আগে নদিয়ার কালীগঞ্জে বৃহস্পতিবার হচ্ছে উপনির্বাচন। সামনের বছর বিধানসভা ভোটের আগে এই উপভোট যে বাংলার রাজনৈতিক রিহার্সালের সমান তা বলাই বাহুল্য। এদিনের ভোটে মূলত ত্রিমুখী লড়াই হতে চলছে। একদিকে শাসকদল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর মধ্যে লড়াই।
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নির্বাচন শুরু হলেও ভোটারদের কাউকে সেই ভাবে লক্ষ্য করা যাচ্ছে না বুথ কেন্দ্রে। বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে বলা যেতে পারে মানুষজন এখনও বাড়ি থেকে কম বেরাচ্ছেন, ভোটমুখী হননি। তবে ব্যতিক্রম দু’একটি বুথ কেন্দ্র ছাড়া মানুষ ভোট প্রায় দিতে যাচ্ছেন না বললেই চলে। তবে দেখার বিষয় বেলা বাড়লে পরবর্তীতে এই ভোট দানের হার বাড়ে কি না।
এ দিকে, উপভোটকে ঘিরে নির্বাচন কমিশনের তৎপরতা চোখে পড়ার মতো। প্রতিটি বুথেই রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সিসিটিভি মোতায়েন করা হয়েছে। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। এক পোলিং এজেন্ট জানালেন, “অন্যান্যবারের থেকে এবারের ব্যবস্থা ভাল হয়েছে। পোলিং এজেন্টদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগে কাজের সুবিধা হবে বলেই আমার মনে হয়।”
বস্তুত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি। সেই কারণেই আজ এখানে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর আর বিজেপি এখানে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে। অপরদিকে, কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখকেই সমর্থন করছে বামেরা। মূলত এই ভোটে যিনি জয়ী হবেন সেই বিধায়কের কার্যকাল এক বছর কি তারও কম সময়। তবে সামনের বছর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলি এই উপভোটকে হাতিয়ার করে যে নিজেদের শক্তি বুঝে নিতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।
