কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন শুরু! কতটা সাড়া পড়ল? ক্লাস কবে থেকে? - 24 Ghanta Bangla News
Home

কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন শুরু! কতটা সাড়া পড়ল? ক্লাস কবে থেকে?

Spread the love

কলেজে- বিশ্ববিদ্যালয়ের ভর্তির পোর্টালে আবেদন করা শুরু হয়ে গিয়েছে বুধবার থেকে। মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের সূচনা করেছিলেন। বুধবার থেকে তা কার্যকরী হয়েছে। এদিকে এই পোর্টালে কবে থেকে আবেদন করা যাবে সেদিকে তাকিয়ে ছিলেন পড়ুয়ারা। অবশেষে আবেদন করা শুরু সেই পোর্টালে। পোর্টাল খোলার পরে প্রথম দুঘণ্টায় সর্বাধিক ৮০টির মতো আবেদন জমা পড়েছে বলে খবর।

এদিকে এই পোর্টালকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে। অনেকেই মোবাইল ফোনে, সাইবার ক্যাফেতে গিয়ে এনিয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে কোনও টাকাপয়সা লাগবে না।

প্রথম পর্যায়ে এই ভর্তির প্রক্রিয়া শেষ হবে ১ জুলাই। সব মিলিয়ে ৪৬০টি কলেজ ও ১৭টি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া এই পোর্টালের মাধ্যমে হবে না।

বুধবার প্রথম দিন পোর্টাল খোলার পরেই মাইক্রোবায়োলজিতে সবথেকে বেশি সংখ্য়ক পড়ুুয়া ভর্তির জন্য আবেদন করেছেন। প্রথম দু ঘণ্টায় প্রায় ২০জন আবেদন করেছেন এই বিষয়ে। বিবিএতে আবেদন করেছেন ১৩জন ইংরেজির জন্য আবেদন করেছেন ১২জন।

দ্বিতীয় দফায় ২ অগাস্ট থেকে আবেদন করা যাবে। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর। বীণা নামে একটি এআই নির্ভর চ্যাটবটকে কার্যকরী করা হয়েছে। তার মাধ্যমে পড়ুয়ারা নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন। ১ অগাস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার বিকাশভবন থেকে এই গোটা ভর্তি প্রক্রিয়ার খুঁটিনাটি তুলে ধরেছিলেন।

মন্ত্রী জানিয়েছিলেন, প্রথমে কিছু তথ্য় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আবেদনকারী যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন তার ভিত্তিতে তিনি লগ ইন করতে পারবেন। একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি আবেদন করতে পারবেন। তার পছন্দের কলেজের ক্রম অনুসারে। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সেই পড়ুয়া তার পছন্দের কলেজের তালিকা ও বিষয় পালটাতে পারবে।

‘আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে ১ জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে জমা দিয়ে প্রভিশনাল ভর্তির সুযোগ ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *