‘নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্তরা’, মহেশতলায় ভাঙা তুলসিমঞ্চে প্রণাম করলেন শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

‘নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্তরা’, মহেশতলায় ভাঙা তুলসিমঞ্চে প্রণাম করলেন শুভেন্দু

Spread the love

আদালতের অনুমতিতে মহেশতলার রবীন্দ্র নগর থানা এলাকা ঘুরে দেখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১১ জুন মন্দিরের সামনে তুলসি মঞ্চ স্থাপন নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। ভাঙচুর হয়েছিল বাড়ি, ঘর, গাড়ি, দোকান। আক্রান্ত হয়েছিল পুলিশ ও পুলিশের গাড়িও। সেই ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে বুধবার আদালতের অনুমতি নিয়ে রবীন্দ্রনগর থানা চত্বরে যান শুভেন্দুবাবু। অভিযোগ, সেখানে মহিলাদের সামনে রেখে শুভেন্দুবাবুকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল।

বুধবার বিকেল ৩টে নাগাদ মহেশতলা পৌঁছন শুভেন্দুবাবু। এর পর একে একে আক্রান্ত মন্দিরগুলি ঘুরে দেখেন তিনি। আহতদের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন আক্রান্তদের বাড়ি। শেষে যে জায়গায় তুলসি মঞ্চ স্থাপন নিয়ে বিবাদের সূত্রপাত সেই শিব মন্দিরে যান বিরোধী দলনেতা। ফুল দিয়ে শিবলিঙ্গের আরাধনা করেন।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, পুলিশ আটকানোর চেষ্টা করেছিল। আমি এখানে আক্রান্তদের সঙ্গে কথা বলেছি। সব মন্দির ঘুরে দেখেছি। একটা মন্দিরের সামনে কয়েকজন মহিলা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমি দূর থেকে প্রণাম করে বেরিয়ে গিয়েছি। সব ভিডিয়োগ্রাফি করা আছে। কোর্টকে দেখাব। আমাকে এভাবে ভাইপোবাবু আটকাতে পারবে না। এখানে আক্রান্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা এখানে সংখ্যায় কম। তাঁরা ১১ তারিখের ঘটনার বিচার চান।

গত ১১ জুনের ওই ঘটনার পর থেকে মহেশতলার বিস্তীর্ণ এলাকায় জারি ছিল ১৬৩ ধারা। বন্ধ ছিল ইন্টারনেট। ওই ঘটনায় প্রায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হিংসার ঘটনার পর রবীন্দ্র নগর থানার আইসি ও মহেশতলার SDPOকে বদলি করেছে রাজ্য প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *