Humayun Kabir: এবার কথা না শুনলে বিধায়ক পদ নিয়ে পদক্ষেপ! শেষবারের মতো সতর্ক করা হল হুমায়ুনকে, দেওয়া হল চিঠি – Bengali News | Bharatpur MLA Humayun Kabir has been warned for the last time, a letter has been given
কলকাতা: ফের সতর্ক করা হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। চূড়ান্ত সতর্কতা, পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। পরিষদীয় মন্ত্রীর ঘরে ডেকে শেষবারের মতো সতর্ক করে হাতে চিঠি দেওয়া হল। তা নিয়েই ফের শুরু হয়েছে চর্চা।
গত কয়েকদিন ধরে হুমায়ুন কবীর বিভিন্ন সংবাদমাধ্যমে এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই নির্দেশে এসেছে। তার পরিপ্রেক্ষিতে শৃঙ্খলারক্ষা কমিটির কড়া পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের। এবার ‘কথা না শুনলে’ হুমায়ুনের বিধায়ক পদ সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করা হতে পারে দলীয় সূত্রে খবর।
প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় হুমায়ুন কবীরকে নিজের ঘরের ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর তাঁকে দলের নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয় এবং চিঠিটি হাতে ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, সদ্য শুভেন্দু অধিকারী থেকে কাশেম সিদ্দিকীকে নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। “দিনের বেলায় সারাদিন তৃণমূলে, বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন, তাঁরা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান? এই জেলার কতজন এমএলএ-এর সঙ্গে শুভেন্দুর কত রকম যোগাযোগ রয়েছে, অনুসন্ধান করে দেখুন।” হুমায়ুনের এই মন্তব্য নিয়ে বিস্তর চাপানউতোর হয়েছিল। হুমায়ুনের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, এই দাবির সত্যতা হুমায়ুনকে প্রমাণ করতে হবে। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। এছাড়াও সদ্য কাশেম সিদ্দিকীর পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেথা যায় তাঁকে। সাফ বলেছিলেন কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না। আর আগেও একাধিকবার শোকজ নোটিস গিয়েছে হুমায়ুনের কাছে। এবার শেষবারের মতো চিঠি দিয়ে সতর্ক করল দল।