High Court: যে নাকি জ্যেঠু বলে সম্বোধন করত, তাকেই ধর্ষণের অভিযোগ, জামিন পেলেন না – Bengali News | Allegation against TMC leader for harassing minor girl, court rejected bail
জলপাইগুড়ি: চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত তৃণমূল নেতার জামিনের আর্জি খারিজ। দিনহাটার বড় আঁটিয়া বাড়ি ২ নম্বর অঞ্চলের প্রভাবশালী তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মাননীয় পার্থ সারথি চট্টোপাধ্য়ায়।
বৃহস্পতিবার এই মামলার কেস ডায়েরি দেখে তিনি স্তম্ভিত হয়ে যান বিচারপতি। অভিযোগ, নির্যাতিতা যাকে জ্যেঠু বলে সম্বোধন করত, সেই সম্পর্কে ‘ভাইজি’কে ধর্ষণ করেছে! এখানেই শেষ নয়, পরবর্তীতে তাঁর মুখ বন্ধ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চালিয়েছে।
এই দিন নির্যাতিতার পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আদালতের কাছে তথ্য সহ সব তুলে ধরা হয়েছে। বন্দি থাকা অবস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশের কাছে ধরা পড়ে যায়।” পরবর্তী সময়ে নির্যাতিতার ওপর ভয়ঙ্কর অত্যাচার হয় বলেও অভিযোগ।
এইসব অভিযোগ সামনে আসার পর আগেই বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি বিশ্বজিৎ বসু অভিযোগকারী মহিলাকে পুলিশি নিরাপত্তা দেন। বৃহস্পতিবার সব শুনে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় অভিযুক্ত আব্দুল মান্নানের জামিনের আবেদন খারিজ করে দেন।