গ্রেটা থানবার্গকে গাজা পৌঁছতে দিল না ইজরায়েল, মাঝ সমুদ্রেই জাহাজে ঢুকল সেনা, তারপর… – Bengali News | Gaza bound aid yacht Carrying Greta Thunberg & Other Activists intercepted by Israeli Force
গাজা: ত্রাণ নিয়ে যাওয়া হল না। মাঝপথেই জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে আটকে দিল ইজরায়েলি সেনা। গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল গ্রেটা। প্যালেস্তাইন-পন্থী ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের পাঠানো ম্যাডলিন নামক জাহাজটি গাজার দিকে এগোচ্ছে, এই খবর পেয়েই ইজরায়েল সতর্ক করে বলেছিল যে এক্ষুণি যেন জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়। কিন্তু সে কথা শোনেননি গ্রেটা। এবার সোজা জাহাজে পৌঁছে গেল ইজরায়েলি সেনা। গ্রেটা সহ জাহাজে যারা ছিলেন, তাদের শেষ যে ছবি সামনে এসেছে, তা যথেষ্ট উদ্বেগের।
গাজা নিয়ে কোনওভাবে সহানুভূতি বরদাস্ত করতে নারাজ ইজরায়েল। একাধিক আন্তর্জাতিক আন্দোলনকারী একটি জাহাজে করে প্যালেস্তাইনের গাজার উদ্দেশে যাচ্ছিলেন। গত ৬ জুন ইটালির সিসিলি থেকে তারা রওনা দেয়। এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গও। তাঁর সঙ্গে ছিলেন ইউরোপিয়ান সংসদের সদস্য রিমা হাসানও।
জানা গিয়েছে, ইজরায়েলের তরফে ওই জাহাজকে আগেই ঘুরিয়ে ফিরে আসতে বলা হয়েছিল। সেই হুঁশিয়ারি উপেক্ষা করে এগোতেই তাদের মাঝ সমুদ্রে আটকায় ইজরায়েলি সেনা। রাত ২টো নাগাদ ব্রিটিশ ইয়ট বা জাহাজে পৌঁছয় ইজরায়েলি সেনা। রিমা হাসানের দাবি, জাহাজে থাকা সকলকে গ্রেফতার করেছে ইজরায়েলি সেনা।
The crew was arrested in international waters. pic.twitter.com/ydjA9yZHSC
— Rima Hassan (@RimaHas) June 9, 2025
রিমা হাসানের এক্স হ্যান্ডেল থেকেই পোস্ট করে তাঁর টিম লিখেছে, জাহাজটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইজরায়েলি কোয়াডকপ্টার। সাদা রঙের কিছু একটা পদার্থ স্প্রে করা হচ্ছে।
The last image of the crew. pic.twitter.com/PkYQSLa3Ri
— Rima Hassan (@RimaHas) June 9, 2025
শেষ যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে জাহাজের ক্রু সহ সকলে লাইফ জ্যাকেট পরে, দুই হাত তুলে বসে রয়েছে।
