Garlic Pickle Recipe: বাড়িতেই বানিয়ে নিন জিভে জল আনা এই আচার, রোজ খেলে শরীরও হবে ফিট
গরম মানেই শেষ পাতে চাই টক। সেটা আম হোক বা আমলকি, বা অন্য কোনও আচার। টক ছাড়া যেন খাওয়া সম্পূর্ণ হয় না
আম-আমলকির আচার তো সকলেই খেয়েছেন। লঙ্কার আচারের কথাও অনেকে জানেন। কিন্তু, রসুনের আচার কখনও খেয়েছেন?
স্বাস্থ্যের জন্য খুব উপকারী রসুন। গরম ভাতে কাঁচা রসুন খাওয়ার কথা সকলেই জানেন। এবার বাড়িতেই সহজেই বানিয়ে নিন রসুনের আচার
রসুনের আচার বানাতে রসুন ছাড়াও লাগবে কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা জিরা, তেজপাতা, কাসুন্দি, তেঁতুল, পাঁচফোড়ন গুঁড়ো, অল্প চিনি, স্বাদমতো নুন, সর্ষের তেল ও সিরকা
রসুনের আচার বানানোর জন্য প্রতিটি উপকরণ ঠিকমতো নিতে হবে। ১ কাপ রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা আধা কাপ, কাসুন্দি ১ কাপ, তেঁতুলের ক্বাথ ৪ টেবিল চামচ এবং জিরা, পাঁচফোড়ন গুঁড়ো, সর্ষের তেল ১ চামচ করে নিতে হবে
প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর অবশ্যই জল ভাল করে শুকিয়ে নেবেন। অন্যদিকে, কাঁচা লঙ্কা ধুয়ে বেটে রাখুন
এবার কড়াইয়ে সর্ষের তেল দিন। তেল গরম হলে তার মধ্যে জিরা ও তেজপাতা দিন। এরপর জল ছড়ানো রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে নাড়ুন। রসুন, লঙ্কা ভাজা-ভাজা হয়ে এলে তেঁতুলের ক্বাথ ও চিনি দিয়ে ভাল করে নাড়ুন
রসুন সেদ্ধ হয়ে নরম হলে কাসুন্দি, শুকনো লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, নুন ও সিরকা কড়াইয়ে দিন। অল্প জল দেবেন। এবার ভাল করে নাড়ুন। সব উপকরণ মিশে থকথকে হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি রসুনের আচার। এবার ঠান্ডা করে কাচের বয়ানে ভরে রাখুন। গরম ভাত বা রুটির সঙ্গে জমে যাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর এই আচার







