Monsoon in Bengal: লেট করছে বর্ষা! শেষ পর্যন্ত কবে পা রাখছে দক্ষিণবঙ্গে? কী বলছে আবহাওয়া দফতর – Bengali News | Find out what the Meteorological Department says about when the monsoon will arrive in South Bengal
কলকাতা: বৃষ্টির দাপট কমতেই বাড়ছে গরম। আবহাওয়া দফতর বলছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে সোমবার আবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ১১ জুন বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা আপাতত সক্রিয় হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। এবার আগেভাগেই উত্তরবঙ্গে বর্ষায় এলেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে শুরু থেকেই বিলম্ব। আইএমডির ক্যালেন্ডার অনুযায়ী ১০ই জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে। কিন্তু এবার সেই সম্ভাবনা নেই। আলিপুরের কর্তারা শুধু বলছেন ১২ই জুন পর্যন্ত বর্ষায় ‘নো চান্স’। তারপর পরিস্থিতি দেখে ঘোষণা।
তবে এবার নির্ধারিত সময়ের ১০ দিন আগেই উত্তরবঙ্গে পা রেখেছে বর্ষা। চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতেও আগামী তিন চার দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।