অভিষেকের সঙ্গে রাহুলের ফোনে কথার দাবি ভিত্তিহীন, জোট নিয়ে ফের অবস্থান জানাল TMC - 24 Ghanta Bangla News
Home

অভিষেকের সঙ্গে রাহুলের ফোনে কথার দাবি ভিত্তিহীন, জোট নিয়ে ফের অবস্থান জানাল TMC

Spread the love

সম্প্রতি একটি সংবাদমাধ্যম দাবি করে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি ফোনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়। তবে তৃণমূল কংগ্রেস তা পরিষ্কার ভাষায় উড়িয়ে দেয়। তৃণমূলের এক শীর্ষস্তরের নেতা জানিয়েছেন, এই খবর ভিত্তিহীন। অন্যদিকে, জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে থাকলেও, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলবে তৃণমূল কংগ্রেস। এই অবস্থান ফের একবার স্পষ্ট করে দিল শাসক দল।

আরও পড়ুন: মাঝরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকছেন না

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জোট প্রসঙ্গে সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক জোটের পক্ষে। সেই কারণেই ‘ইন্ডিয়া’ জোটে তৃণমূল যুক্ত রয়েছে। তবে রাজ্য রাজনীতির প্রেক্ষিতে তৃণমূলের অবস্থান একেবারেই আলাদা। এখানে তৃণমূল একাই লড়বে এবং কংগ্রেস বা বামেদের সঙ্গে কোনও সমঝোতা হবে না। বরং কংগ্রেস এবং সিপিএমকে বিজেপির সঙ্গে যুক্ত বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, এই দুই দল ভোট কাটার জন্যই পশ্চিমবঙ্গে ময়দানে নেমেছে এবং এরফলে পরোক্ষভাবে বিজেপিকেই সাহায্য করছে। এই অবস্থান বজায় রেখেই তৃণমূল রাজ্যের উপনির্বাচনগুলিতে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছে।

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামেদের সমর্থনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।। সিপিআই(এম-এল) ও সেই প্রার্থীকে সমর্থন করছে। অন্যদিকে, কেরলের একটি উপনির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে তৃণমূলের সমর্থনে লড়ছেন পি ভি আনভর। একদিকে, দিল্লিতে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি বিরোধিতার বার্তা, অন্যদিকে রাজ্যে কিংবা কেরলে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা এই দ্বৈত অবস্থানের কৌশল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষণে নানা মতামত উঠে আসছে। তবে তৃণমূল বারবার এই বার্তাই দিচ্ছে যে, জাতীয় স্তরে বৃহত্তর স্বার্থে জোট থাকলেও, রাজ্য রাজনীতির মাটিতে তারা শুধু নিজের শক্তিতেই লড়বে। তাছাড়া, কারও সঙ্গে কোনও আপস করবে না বলেও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *