”অনেক আশা ছিল যাদের থেকে, তারা ডাকেনি, মন খারাপ হয়েছিল”- দেবলীনা কুমার – Bengali News | Those from whom I had a lot of hopes didn’t call me ,I felt sad. said Debolina Kumar
অভিনেত্রী দেবলীনা কুমার এখন দর্শকদের কাছে পরিচিত মুখ। ‘প্রাক্তন’ ছবির হাত ধরেই বড় পর্দায় আসেন। এমনিতে নৃত্যশিল্পী হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন তিনি। তবে টলিপাড়ায় পরিচিতি পেয়েছেন ‘রঙ্গবতী’ গানের তালে নেচে। তবে দেবলীনা কুমারকে কেন্দ্রীয় চরিত্রে সেই ভাবে পাওয়া যায়নি। সেই অর্থে এই প্রথম তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে। এই ছবিতে ত্রিকোন প্রেম দেখা যাবে যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন দবলীনা কুমার, রণজয় বিষ্ণু ও বিক্রম চট্টোপাধ্যায়।
এই প্রসঙ্গেই Tv9 বাংলার সঙ্গে আড্ডায় উঠে এল তাঁর মন দুঃখের কথা। এমনিতে তিনি প্রভাবশালী নেতা দেবাশিস কুমারের কন্যা , অন্য দিকে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ, তবে সেইভাবে প্রভাব বিস্তার করে টলিপাড়ায় কাজ পাওয়ার চেষ্টা করেন নি। তাঁকেই প্রশ্ন করা হয়েছিল টলিপাড়ার বিশেষ কোন প্রযোজক সংস্থার থেকে কি কোন আশা ছিল? সেই আশা পূর্ণ না হওয়ার কারনে কি মন দুঃখ হয়? উত্তরে দেবলীনা বলল, ” দেখ আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো? হ্যাঁ আমার আগে মন খারাপ হত। কারণ আমি আশা করতাম নিশ্চয়ই ভালো চরিত্রে সুযোগ আসবে। বিশেষ করে যখন সবাই বলত, কাজ ভালো হয়েছে। তবে এখন আর মন খারাপ হয়না। এখন বুঝে গিয়েছি। আর আমি কোনদিন নিজে গিয়ে কাজ চাইতে পারবনা। আর এমনও নয় আমি বাবার প্রভাব খাটিয়ে কাজ করব।”
আরও যোগ করেন, ”এটি আমায় আমার স্বামী গৌরব চট্টোপাধ্যায় বুঝিয়েছে, কারণ ও ছোট থেকে অনেক চড়াই উতরাই দেখেছেন জীবনে। উত্তম কুমারের পরিবারের মানুষ হয়েও নানা সমস্যার মুখে পড়েছেন। ওই বলেছে যে ধৈর্য্য ধরতে হবে, সময়ের আগে কিছুই হবেনা। আর আশা না করাই ভালো। সব মিলিয়ে আমি এখন বিষয় গুলো বুঝে গিয়েছি, তাই এখন আর মন খারাপ হয়না। এখন আমি খুশি ‘রাস’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। তথাগত দা কে ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। “