সব সম্পত্তি লিখে দিতে হবে, রাজি না হওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মার ছেলের! - 24 Ghanta Bangla News
Home

সব সম্পত্তি লিখে দিতে হবে, রাজি না হওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক মার ছেলের!

Spread the love

বাবা-মায়ের কাছে যেটুকু সম্পত্তি অবশিষ্ট রয়েছে, সেটুকুও যাতে তাঁর নামে লিখে দেওয়া হয়, তার জন্য ঘরে ঢুকে জোরজবরদস্তি করছিলেন মদ্যপ ছেলে। কিন্তু, তাতেও লাভ হয়নি। বৃদ্ধ বাবা ছেলের অন্যায় দাবি মানেননি। আর, শুধুমাত্র সেই ‘অপরাধে’ সেই প্রবীণকে বেধড়ক মারধর করলেন তাঁর গুণধর সন্তান! এমনকী, স্বামীকে বাঁচাতে এসে ছেলের হাতে মার খেতে হল বৃদ্ধা মাকেও! ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত পরাণীখেকো গ্রামে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এই এলাকারই বাসিন্দা বৃদ্ধ রবিরাম সর্দার ও তাঁর স্ত্রী। এই দম্পতির ছোট ছেলের নাম সুশান্ত সর্দার। অভিযোগ, ইতিমধ্যেই বাবা-মায়ের কাছ থেকে জোর করে তাঁদের বেশ কিছু জমিজমা নিজের নামে লিখিয়ে নিয়েছেন সুশান্ত। কিন্তু, তাতেও তাঁর ‘খিদে মেটেনি’! সুশান্তর দাবি, তাঁর বাবা-মায়ের বাকি যেটুকু সম্পত্তি রয়েছে, সেসবও তাঁকে লিখে দিতে হবে।

জানা গিয়েছে, বুধবার (৪ জুন, ২০২৫) রাতে আকণ্ঠ মদ্যপান করে বাবা-মায়ের ঘরে ঢোকেন সুশান্ত। বাবাকে বলেন, তাঁর নামে অবশিষ্ট যা আছে, সবই ছোট ছেলের নামে লিখে দিতে হবে। কিন্তু, রবিরাম তাতে রাজি হননি। আর তাতেই ক্ষেপে যান সুশান্ত। বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করেন তিনি। রবিরামকে বাঁচাতে ছুটে আসেন তাঁর স্ত্রী। সুশান্ত সেই সময় নিজের মায়ের গায়েও হাত তোলেন বলে অভিযোগ।

ছেলের এই হামলার গুরুতর জখম হন বৃদ্ধ-বৃদ্ধা। বুধবার রাতেই তাঁরা ছোট ছেলে সুশান্তর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। পুলিশকে রবিরাম জানিয়েছেন, সুশান্ত তাঁদের ঠিকমতো খেতে পর্যন্ত দেন না। উপরন্তু, ছেলের অত্যাচারে বেশ কয়েকবার বৃদ্ধ দম্পতিকে নিজেদের চিকিৎসা করাতে হাসপাতালেও যেতে হয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *