Boarding School: শরীরে পোড়া দাগ! চলেছে যৌন হেনস্থা, বোর্ডিং স্কুলে গিয়ে চূড়ান্ত পরিণতি দুই অটিস্টিক শিশুর – Bengali News | Autistic Brothers Assaulted, Burned with Cigarettes at Dehradun Boarding School
নয়াদিল্লি: তারা সাধারণের থেকে একটু ‘অসাধারণ’। মাস কতক স্বামী মারা গিয়েছে। চাকরি, গোটা সংসার, তার মধ্যে দুই ছেলে। পেরে উঠছিলেন না মা। দুই ছেলে যদি একেবারে স্বাভাবিক হত, তাহলে সর্বক্ষণ তাদের দেখভালের জন্য হয়তো কাউকে প্রয়োজন হত না। কিন্তু তারা তো পুরোপুরি স্বাভাবিক নয়। স্বাভাবিকের থেকে একটু বেশি অসাধারণ। অটিস্টিক।
সেই কথাটা মাথায় রেখেই দুই খুদেকে দেরাদুনের একটি বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যে দুই অটিস্টিক শিশুর উপর এমন অত্যাচার হবে তা কখনওই ধারণা করতে পারেননি তিনি।
সম্প্রতি, দুই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) ওই মহিলা। তখনই তার দুই সন্তান তাকে জানান যে বোর্ডিং স্কুলের কেয়ারটেকার তাদেরকে লোহার রড দিয়ে মেরেছে। এমনকি, তাদের শরীরে সিগারেটের ছ্যাঁকা ও যৌন হেনস্থাও করেছে।
এরপর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় FIR দায়ের করেন মহিলা। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত হস্টেলের কেয়ারটেকার সোনুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড শিশু অধিকার কমিশন। গোটা ঘটনা জানার পর সেই দুই শিশুর সঙ্গে যোগাযোগ করে তারা। এমনকি, তারা এও জানিয়েছে, ওই বোর্ডিং স্কুলটি কোনও রকম বৈধ শংসাপত্র ছাড়াই তৈরি করা।
