‘তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েও বলছি, এই প্রথম…’, জামাইষষ্ঠীতে আবেগপ্রবণ কাঞ্চন – Bengali News | Kanchan Mallick celebrates Jamai Sasthi
‘তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েও বলছি, এরকম নিয়ম-নীতি মেনে জামাইষষ্ঠী আগে কখনও পালন করিনি’, বললেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। ১লা জুন জামাইষষ্ঠীতে তাঁদের পরিবারে ছিল নজরকাড়া আয়োজন। এদিন শ্রীময়ী চট্টরাজের দিদি এবং তাঁর বর উপস্থিত ছিলেন। শ্রীময়ীর মা তাঁর দুই মেয়ে আর জামাইকে জামাইষষ্ঠীর জন্যই এলাহি আয়োজন করে খাওয়ালেন।
জামাইষষ্ঠীর জন্যই কাঞ্চন তাঁর শাশুড়িকে নিয়ে সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিংয়ে। সেই এপিসোডে তাঁর শাশুড়ি বলেছেন, প্রথমে মেয়ের সঙ্গে কাঞ্চনের প্রেম মানতে পারেননি। তবে পরে তিনি অনুভব করেন, কাঞ্চন আর শ্রীময়ী একে-অপরের সঙ্গে বেশ সুখী রয়েছেন। এখন তাঁদের জীবনে মেয়ে কৃষভি এসেছে। ছোট মেয়েকে নিয়েও মেতে রয়েছেন দু’ জনেই।
কাঞ্চন আর শ্রীময়ীর বয়সের অনেকটা ফারাক রয়েছে। সেই হিসাবে এটা ছকভাঙা বিয়ে। কাঞ্চন এই প্রসঙ্গে কৃষভির মুখেভাতের দিন TV9 বাংলাকে একটা সাক্ষাত্কারে বলেন, ”ভালো থাকতে সকলেই চান। আমিও সেটাই চেয়েছি।” শ্রীময়ী বলেন, ”আমরা তো ট্রেন্ডসেটার। আমাদের বিয়ের পর দিলীপ ঘোষ মহাশয়ের বিয়ে হল, এরচেয়ে ভালো আর কী হতে পারে।”
জামাইষষ্ঠীতে কাঞ্চন আর শ্রীময়ীর রোম্যান্সও ছিল দেখার মতো। খাবারের পাতে পোলাওয়ের সঙ্গে মাংস নিয়ে কাঞ্চন নিজে হাতে খাইয়ে দিলেন শ্রীময়ীকে। বিয়ের পর প্রতিটা মূহূর্ত যে তাঁরা দারুণভাবে উপভোগ করছেন, সেটা বোঝা যায়। সোশ্যাল মিডিয়াতে যেমন এই দম্পতি অনেক সময়ে ট্রোলিংয়ের মুখে পড়েন, তেমনই তাঁদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার মতো অনুরাগীর সংখ্যা কম নয়।