CFSLএর নতুন ল্যাবের উদ্বোধন করে যা বলে গেলেন অমিত শাহ শুনলে বুক কাঁপবে অপরাধীদের - 24 Ghanta Bangla News
Home

CFSLএর নতুন ল্যাবের উদ্বোধন করে যা বলে গেলেন অমিত শাহ শুনলে বুক কাঁপবে অপরাধীদের

Spread the love

দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে প্রমাণসর্বস্ব করার চেষ্টা চালাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার কলকাতা লাগোয়া নিউ টাউনে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির নতুন গবেষণাগারের উদ্বোধন করে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, প্রমাণের অভাবে যেন কোনও অপরাধী ছাড়া না পেয়ে যায় তার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ৪ – ৫টি রাজ্যকে নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে থাকবে একটি করে অত্যাধুনিক ল্যাবরেটরি। তিনি বলেন, ‘দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে তর্কনির্ভরতা থেকে বার করে প্রমাণসর্বস্ব করার চেষ্টা চলছে। প্রমাণের ভিত্তিতে দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় সরকার। প্রমাণের অভাবে কোনও দোষী যেন ছাড় না পেয়ে যায় সেটাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘এতদিন ফৌজদারি অপরাধের বিচারের জন্য আক্রান্তকে মাসের পর মাস অপেক্ষা করতে হত। এখন কয়েক মাসের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। বিদেশে পালানো অপরাধীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালিয়ে তাদের সাজা নিশ্চিত করা হচ্ছে ও আন্তর্জাতিক সংস্থাগুলির মাধ্যমে তাদের দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে। এমনকী ফরেন্সিক অডিটের মাধ্যমে বহু পুরনো মামলাতেও শাস্তিবিধান করা সম্ভব হয়েছে।’ তিনি জানান, ‘সাত বছরের বেশি সাজা হয় এমন অপরাধের জন্য অপরাধস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। সেজন্য প্রতিটি রাজ্যকে ফরেন্সিক মোবাইল ভ্যান কেনার জন্য বিশেষ আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।’

অনুষ্ঠানে উপস্থিত ফরেন্সিক বিশেষজ্ঞদের উদ্দেশে শাহ বলেন, ‘আমাদের সংবিধান নির্মাতারা সংবিধানে তাদের দেশকে নিয়ে মূল ভাবনার প্রতিফলন ঘটিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। এটাকে আপনারা পেশাদারি দায়িত্ব বলে ভাববেন না। মনে রাখবেন কোনও অসহায় মানুষকে যেন বিচার পেতে বারবার থানায় যেতে না হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *