Anganwadi Center: নেই জমি, নেই ঘর! বৃষ্টি হলেই বন্ধ রান্না থেকে পড়াশোনা, অঙ্গনওয়ারি কেন্দ্রের দুরাবস্থায় TMC কে দুষছে BJP – Bengali News | Plight of Anganwadi Center in Bankura, What is BJP and Trinamool Congress saying
ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে Image Credit source: TV 9 Bangla
পাত্রসায়ের: আইসিডিএস কেন্দ্রের নিজস্ব বাড়ি নেই। খোলা আকাশের নিচে চলছে রান্না। গ্রামেরই এক বাসিন্দার কুঁড়ে ঘরে রাখা হয় চাল, ডাল, আলু। সেই কুঁড়ে ঘরের বাইরে খোলা আকাশের নিচে হয় রান্না বান্না, উঠোনে চলে লেখাপড়া। বছরের অন্যান্য সময়ে যেমন তেমন করে চললেও বর্ষা এলেই বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের দুধপুকুর আইসিডিএস কর্মীদের কপালে চওড়া হয় চিন্তার ভাঁজ। মাথায় হাত পড়ে ছোট ছোট শিশুদের অভিভাবক থেকে প্রসূতিদের।
এই আইসিডিএস কেন্দ্রে শিশু ও প্রসূতি মিলিয়ে মোট সংখ্যা ৩৬। আইসিডিএস কেন্দ্রে কর্মী ও সহায়িকা মিলিয়ে রয়েছেন ২ জন। কিন্তু সেই আইসিডিএস কেন্দ্রের নিজস্ব কোনও ঘরই নেই। কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের অনুরোধে স্থানীয় এক বাসিন্দার কুঁড়ে ঘরেই রাখা হয় রান্নার জন্য বরাদ্দ চাল, ডাল, আলু। ওই বাসিন্দার উঠোনের একপাশে খোলা আকাশের নিচেই হয় রান্না। অপর পাশে গ্রামের শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা। গোটা জোড়াতালি দিয়ে আইসিডিএস কেন্দ্রটি চললেও বর্ষা এলেই দেখা দেয় সমস্যা। অভিভাবকরা বলছেন, বৃষ্টিতে প্রায়দিনই বন্ধ হয়ে যায় রান্নাবান্না। বন্ধ হয়ে যায় লেখাপড়াও।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আইসিডিএস কর্মীরা বারেবারে ব্লক প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু বাড়ির জন্য প্রয়োজনীয় জমির অভাবে শেষ পর্যন্ত সমস্ত উদ্যোগই ভেস্তে যায়। আইসিডিএস কর্মী ও সহায়িকার দাবি, বাড়ি তৈরির জন্য সরকারি বরাদ্দ থাকলেও জমির জন্য তেমন কিছু বরাদ্দ হয়নি। এলাকার মানুষ জমি দান করতেও তেমন আগ্রহ দেখাননি। ফলে আইসিডিএস এর নিজস্ব ভবন সম্ভব হয়নি।
আইসিডিএস কেন্দ্রের এই সমস্যা নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে চাপানউতোর। স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, বারবার ওখানে পাকাপাকিভাবে আইসিডিএস তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের শাসক দল ও প্রশাসনের সদিচ্ছার অভাবেই আজও নিজস্ব ভবন তৈরি হয়নি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তর দাবি, জমি জটে এতকাল আটকে ছিল আইসিডিএসের ঘর তৈরির কাজ। সম্প্রতি ভূমি সংস্কার দফতর একটি জমি নির্দিষ্ট করে দিয়েছে। সেখানেই ঘর তৈরি হবে। একই কথা বলছেন এলাকার বিডিও নিজেও।