Amit Shah: শাহের সভায় পকেট ‘ফাঁকা’ একের পর এক নেতা-কর্মীর, ভাষণ শুরুর আগেই হইচই – Bengali News | Phones of bjp leaders workers stolen at amit shahs netaji indoor stadium event
অমিত শাহ এলেন বঙ্গে্Image Credit source: নিজস্ব চিত্র
কলকাতা: পকেট থেকে হল ‘ফাঁকা’। শাহের সভায় গিয়ে মাথায় হাত একের পর এক বিজেপি কর্মীর। তৈরি হল শোরগোল। রবিবার বাংলায় সফরে এসেছেন অমিত শাহ। শনিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছেন তিনি। আজ রয়েছে তাঁর ঠাসা কর্মসূচি। তাতেই দলে দলে যোগ দিয়েছেন বহু কর্মী, সমর্থকরা।
রবিবাসরীয় দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছে বিজেপির সাংগঠনিক জমায়েত। নেতা-কর্মীদের চাঙ্গা করতে তাতে যোগ দেবেন অমিত শাহ। পাশাপাশি, ছাব্বিশের ভোটের রোডম্যাপ তৈরি করা হতে পারে এই সভা থেকেই। এদিনের বৈঠকে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি যোগ দিয়েছে রাজ্য ও জেলাস্তরের নেতৃত্বরাও। রয়েছে মণ্ডল সভাপতিরাও।
এত লোকের সমাগমে ভরেছে ইন্ডোর। আর সেই ভিড়ের ফায়দা তুলছে একাংশ। জানা গিয়েছে, শাহের সাংগঠনিক সভায় যোগ দিয়ে ফোন হারাচ্ছে একের পর এক নেতার। পরিস্থিতি এতটাই জটিল যে ফোন হারানোর কথা ঘোষণা করতে হয়েছে সঞ্চালক রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন।
উল্লেখ্য, এদিন নেতাজির সাংগঠনিক বৈঠকের আগে CFSL-এ নতুন ল্যাবের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই নতুন ভবনের উদ্বোধনের পর অপরাধ এবং অপরাধীদের শনাক্তের ক্ষেত্রে ফরেন্সিকের ভূমিকা নিয়ে প্রশংসা শুরু করেন তিনি। তাঁর কথায়, ‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। অপরাধীদের চিহ্নিত করতে এবং অপরাধস্থল পর্যবেক্ষণে ফরেন্সিকের গুরুত্ব অপরিসীম।’
