আজই খেল খতম? বাংলাদেশে শুরু হল শেখ হাসিনার বিচার, হচ্ছে লাইভ সম্প্রচার – Bengali News | Big Move by Yunus Government, Sheikh Hasina’s Trial in International Crime Tribunal will be Live Broadcasted in BTV
শেখ হাসিনার শুনানি আজ।Image Credit source: TV9 বাংলা
ঢাকা: বাংলাদেশে আজ বড় কিছু হতে চলেছে। হাসিনাকে উৎখাত করার পর ক্ষমতায় এখন মহম্মদ ইউনূস। তিনি উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শূলে চড়ানোর জন্য। সেই লক্ষ্যেই হাসিনার বিরুদ্ধে ২০০-রও বেশি মামলা করা হয়েছে। আজ, রবিবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি হবে। আর বিটিভি-তে তার সরাসরি সম্প্রচার হবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও মামলার শুনানির সরাসরি সম্প্রচার হতে চলেছে।
বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে পড়েই গত বছরের ৫ অগস্ট গদি ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতে চলে আসতে বাধ্য় হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, খুন থেকে শুরু করে যুদ্ধোপরাধের মতো নানা অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আজ সেই মামলাগুলিরই শুনানি হবে। হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন করতে পারে ইউনূস সরকার।
এতদিন হাসিনার মামলার শুনানির কোনও ছবি বা সম্প্রচার না হলেও, এই প্রথম বিচার প্রক্রিয়ার লাইভ টেলিকাস্ট হতে চলেছে। বাংলাদেশের আদালতের নির্দেশেই কোনও বিচার প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার হত না। আজই তার ব্যতিক্রম হতে চলেছে।
জানা গিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের সংবাদমাধ্যম বিটিভি-তে এর সম্প্রচার করা হবে। আন্তর্জাতিক ট্রাইবুনালের প্রসিকিউটর গাজি মহম্মদ তামিম বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় মানবতার উপরে যে অত্যাচার হয়েছিল, তা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লিগ সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ দাখিল করা হবে। গোটা দেশ এর সাক্ষী থাকবে”। তাঁর দাবি, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনালের তিন বিচারপতির বেঞ্চ গত ফেব্রুয়ারিতেই নির্দেশ দিয়েছিলেন যে এপ্রিল মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যাবতীয় তদন্ত শেষ করতে হবে। আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। অন্যদিকে, ইউনূস সরকার ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছিল। উল্লেখ্য, কূটনৈতিক সুরক্ষাবলেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। আজ তাঁর মামলার কী শুনানি হয়, তাই-ই দেখার।
