Shreyas Iyer: লড়াই হেরেছি, যুদ্ধ নয়, দিনটা ভুলব না… আরসিবির কাছে হেরে স্বীকারোক্তি শ্রেয়সের – Bengali News | Shreyas Iyer says we lost the battle, not war after RCB beat PBKS in IPL 2025 1st Qualifier
লড়াই হেরেছি, যুদ্ধ নয়, দিনটা ভুলব না… আরসিবির কাছে হেরে স্বীকারোক্তি শ্রেয়সেরImage Credit source: X
কলকাতা: একটা সুযোগ এখনও আছে। সেটাই কাজে লাগাতে চায় শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। আইপিএলের পয়েন্ট টেবলের প্রথম দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফায়ার খেলেছে আরসিবি ও পঞ্জাব। মুল্লানপুরে আরসিবির কাছে হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পঞ্জাব কিংসকে। আরসিবির দাপুটে বোলিংয়ের সামনে পঞ্জাব ১০১ রানে গুটিয়ে যায়। লড়াই হারলেও যুদ্ধ এখনও হারেননি, বলেছেন শ্রেয়স। পাশাপাশি বিরাটদের কাছে হেরে শ্রেয়সের স্বীকারোক্তি, এই দিনটা ভুলব না।
কোনও অজুহাতের দিকে পা বাড়ালেন না শ্রেয়স আইয়ার। আরসিবির কাছে হারার পর টিমের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, বলেছেন পঞ্জাবের অধিনায়ক। ১৮তম আইপিএল ফাইনালের টিকিট পাওয়ার ম্যাচ ছিল। সেখানে এই লজ্জার হার। অন্য ক্রিকেটাররা হয়তো এই হারের দিনটা ভুলে যাওয়ার কথা ভাবতেন। সেখানে শ্রেয়সের গলায় অন্য সুর। তিনি বলেন, ‘এই দিনটা কখনও ভুলব না। সত্যি বলতে গেলে যে সকল সিদ্ধান্ত নিয়েছি, তা নিয়ে আমার মনে কোনওরূপ সন্দেহ নেই। মাঠের বাইরে আমাদের পরিকল্পনা যা করেছিলাম, তা একেবারে ঠিক ছিল। তবে মাঠে আমরা তা কাজে লাগাতে পারিনি। যার ফলে হেরেছি।’
১০২ রানের পুঁজিতে বোলাররা যে আগুনে খেলবেন বা ম্যাচ অবশ্যই বের করে দেবেন, তেমনটা কোনও ভাবেই পঞ্জাব ভাবেনি। তাই ম্যাচ শেষে দলের বোলারদের কোনও দোষ দিতে চাননি শ্রেয়স। তিনি বলেন, ‘শুরুতেই আমরা পর পর উইকেট হারিয়ে ফেলেছিলাম। আর সেখান থেকে ফিরতে পারিনি। যার ফলে বোলারদের কোনওরকম দোষ দিতে চাই না। আসলে এই ধরনের উইকেটে আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। আর আমরা তো পেশাদার। তাই কোনওরকম অজুহাত দিতে চাই না। তাই এই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে নামব। আমরা লড়াইটা হেরেছি, যুদ্ধ নয়।’