Bankura: দিনের আলোতেই লুট একের পর এক বাড়িতে! আতঙ্কে কাঁটা শতাধিক পরিবার, প্রশ্নে পুলিশের ভূমিকা – Bengali News | House thefts in Nandanpalli area of Bankura. Questions are being raised about the role of the police
আতঙ্কের আবহ গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla
বাঁকুড়া: কারও বাড়িতে তালা ভেঙেছে, কারও আবার জানলা, লুট হয়ে গিয়েছে একের পর এক বাড়িতে। বিগত কয়েকদিন ধরে এই ছবিই দেখা গিয়েছে বাঁকুড়ার নন্দনপল্লী এলাকায়। দিনে দুপুরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। কারও বাড়ির দরজার তালা ভেঙে, আবার কারও বাড়িতে জানালার গ্রিল ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে চোরের দল। থানাতেও দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু, ধরা পড়েনি কেউই। তাতেই ভয়ে কাঁটা বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকার কয়েকশো পরিবার।
এমনিতে বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকা অভিজাত এলাকা হিসাবে পরিচিত। এলাকার অধিকাংশ মানুষই চাকরীজীবী। সেই এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে তাড়া করে বেড়াচ্ছে চুরির আতঙ্ক। বাড়ির দরজা বন্ধ করে পরিবারের সদস্যরা কর্মক্ষেত্রে বা আত্মীয়ের বাড়িতে গেলেই কোনও বাড়ির দরজায় দেওয়া তালা ভেঙে, আবার কোনও বাড়ির জানালার গ্রিল কেটে দুস্কৃতীরা ঢুকে পড়ছে বাড়ির ভেতর। তারপরই ভেঙে ফেলা হচ্ছে আলমারি। লুট করা হচ্ছে সোনার গয়না, উধাও হয়ে যাচ্ছে নগদ।
পরপর চুরির ঘটনা সামনে আসায় স্থানীয়রাই নিজেদের উদ্যেগে এলাকায় রাত পাহারার ব্যবস্থা করেছেন। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না চুরি। স্থানীয়দের দাবি, অধিকাংশ চুরির ঘটনা ঘটছে দিনের আলোয়। বিষয়গুলি নিয়ে স্থানীয় বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছু হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার রিম্পা পাল, প্রভাষ চন্দ্র পাল, প্রবীর কুমার বাগেরা। সকলেই চাইছেন চুরির কিনারা করুক পুলিশ। একইসঙ্গে এলাকায় আরও বাড়ানো হোক পুলিশি নজরদারি।