Doctor’s Posting: ১৬০০ জনের মধ্যে বেছে বেছে তিনজনের সঙ্গেই কেন এটা হল, হাইকোর্টের দ্বারস্থ দেবাশিসরা – Bengali News | Dr Debashish, aniket mahato, ashfaqullaj naiya filed case in calcutta high court for their posting
প্রতিবাদী চিকিৎসকরাImage Credit source: TV9 Bangla
কলকাতা: গত বছর আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার পর শহর তথা রাজ্য জুড়ে যে বৃহত্তর আন্দোলন হয়, তার অগ্রভাগে ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক। তিলোত্তমার সেই সহকর্মীদের মধ্যে অন্যতম চিকিৎসক দেবাশিস হালদার, অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়া। আর এই তিনজনের বদলি নিয়েই উঠেছে বড় অভিযোগ। প্রতিবাদের শাস্তিস্বরূপ তাঁদের জন্য এমন সিদ্ধান্ত? প্রশ্ন উঠেছে। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এই চিকিৎসকেরা।
সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কাজ করছেন দেবাশিস হালদার। নিয়ম অনুযায়ী একটি গ্রামীণ অঞ্চলে পোস্টিং হওয়ার কথা তাঁর। সেই অনুযায়ী কাউন্সেলিং হয়। কাউন্সেলিং-এ হাওড়ায় পোস্টিং হয় তাঁর। কিন্তু মেরিট লিস্ট বেরতেই দেখা যায়, তাঁর নামের পাশে মালদহের গাজোলের হাসপাতালের নাম। অভিযোগ, ৭৭৮ জনের মধ্যে শুধুমাত্র দেবাশিসের পোস্টিংই এভাবে বদলে দেওয়া হয়েছে। আরও দেখা গিয়েছে যে গাজোলের ওই হাসপাতালে কোনও শূন্যপদই ছিল না।
অনিকেত মাহাতো ও আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গেও একই ঘটনা। পিজিটি থেকে সিনিয়র রেসিডেন্ট হওয়ার কথা তাঁদের। ৮৭১ জনের মধ্যে শুধুমাত্র তাঁদের পোস্টিং বদলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সেই অভিযোগেই এবার হাইকোর্টের দ্বারস্থ তাঁরা।
সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সিনিয়র রেসিডেন্ট পোস্টিং-এ যোগ দিচ্ছেন না অনিকেত। আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেবাশিস হালদার, আশফাকুল্লাহ কাজে যোগ দিলেও আইনি লড়াই চালিয়ে যাবেন। তাঁদের বক্তব্য, গ্রামে যেতে আপত্তি নেই বোঝাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আগামী ৫ জুন মামলার শুনানি।
