দালালের সাহায্যে সীমান্ত পেরোনোর চেষ্টা, দিনহাটায় গ্রেফতার ২৮ জন বাংলাদেশি - 24 Ghanta Bangla News
Home

দালালের সাহায্যে সীমান্ত পেরোনোর চেষ্টা, দিনহাটায় গ্রেফতার ২৮ জন বাংলাদেশি

Spread the love

রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার মধ্যরাতে দিনহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে ২৮ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় তাঁরা আশ্রয় নিয়েছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৯ জন শিশুও রয়েছে।

আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মূলত দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে ওইসব রাজ্যে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় তাঁরা দেশ ছেড়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। জানা যাচ্ছে, দালাল মারফত এই সব বাংলাদেশি নাগরিকরা সীমান্ত পেরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে পুলিশের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতেরা দীর্ঘদিন ধরে রাজ্যে পরিচয় গোপন করে ছিলেন। আজ শুক্রবার তাঁদের আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা দীর্ঘদিন ধরে এখানে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে ফেলেছিলেন। বিভিন্ন রাজ্যের বাংলার পরিযায়ী শ্রমিক পরিচয় দিয়ে কাজ করতেন। সম্প্রতি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, ধরপাকড় শুরুর পরেই তাঁরা হরিয়ানা থেকে শিলিগুড়ি চলে গিয়েছিলেন। তবে কড়াকড়ি থাকায় সীমান্ত পেরোতে পারেননি। তখন তাঁরা বিহারে চলে গিয়েছিলেন। এরপর দালালদের মাধ্যমে বাংলদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সূত্রে তাঁরা দিনহাটায় এসেছিলেন।

জানা যায়, গভীর রাতে তাঁদের দিনহাটা স্টেশন এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। তখন পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়লে পরিচয় পত্র খতিয়ে দেখে পুলিশ। তাঁরা অনুপ্রবেশের কথা স্বীকার করতেই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের অন্যকিছু উদ্দেশ্য ছিল কি না তা জানার জন্য জেরা করার প্রয়োজন। প্রসঙ্গত, পুলিশি তৎপরতা বাড়তেই ইদানিং একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। নদিয়া, বনগাঁ-সহ বহু জায়গায় ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *