মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাধা, ৬ শিক্ষিকাকে আটক করে নিয়ে গেল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বাধা, ৬ শিক্ষিকাকে আটক করে নিয়ে গেল পুলিশ

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পুলিশি বাধার মুখে পড়লেন চাকরিহারা শিক্ষিকারা। আজ বৃহস্পতিবার সকালে তাদের ৬ জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে পৌঁছতেই তাঁদের আটক করে পুলিশ। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। পুলিশের দাবি, তাঁদের কাছে এনিয়ে কোনও অনুমতি ছিল না।

আরও পড়ুন: ‘‌দুটি প্রসেসই চালু থাকবে’‌, চাকরিহারাদের নবান্ন থেকে স্পষ্ট বার্তা দিলেন মমতা

মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আগের দিনই জানিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’- এর এই প্রতিনিধি দল। তাঁরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চান। যদিও তাঁরা জানিয়েছিলেন, এর জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। কারণ, এভাবে দিনক্ষণ ঠিক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁরা আরও জানিয়েছিলেন, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। কোনও অবস্থান বিক্ষোভ করতে কালীঘাটে যাচ্ছেন না। এদিন সেইমতো সকালে তাঁরা কালীঘাটে পৌঁছন। তবে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। ৬ জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই তাঁদের বাধা দেয় পুলিশ। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা। শেষ পর্যন্ত তাঁদের আটক করে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়।

প্রসঙ্গত, এর আগের দিনই এই প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, তাঁরা যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি পেয়েছিলেন। তাই তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না। সেই পরীক্ষার বিষয়েই তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান, যাতে পরীক্ষায় বসতে না হয় সে নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাবেন।

প্রতিনিধি দলের এক শিক্ষিকা জানান, মুখ্যমন্ত্রী কোনও সময় দেননি। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তিনি জানান, তাঁরা যোগ্যভাবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে আবার কেন পরীক্ষা দিতে হবে? তাই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। এর আগে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রাখতে হবে বলে তিনি দাবি জানান। জানা যাচ্ছে, এদিন তাঁদের কালীঘাট থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাঁদের দাবিদাওয়া জানতে চেয়েছেন। তাঁরা কোনও নথি বা চিঠি দিতে চান কি না সেবিষয়টিও জানতে চাওয়া হচ্ছে।

এদিকে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আলিপুরদুয়ারে। সেখানেও চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *