তারাপীঠে কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তের সমাগম, দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন
আজ বুধবার তারাপীঠে (Tarapith) কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তের সমাগম। সেই মর্মে তারাপীঠ মন্দির চত্বরে বীরভূম জেলা প্রশাসনের তরফে নিরাপত্তার বজ্রআঁটুনি। রীতি এবং প্রথা অনুযায়ী…
আজ বুধবার তারাপীঠে (Tarapith) কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্তের সমাগম। সেই মর্মে তারাপীঠ মন্দির চত্বরে বীরভূম জেলা প্রশাসনের তরফে নিরাপত্তার বজ্রআঁটুনি। রীতি এবং প্রথা অনুযায়ী সকাল থেকেই চলছে তারা মায়ের পুজো। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে এদিন সকালে রামপুরহাট রেল স্টেশন থেকে তারাপীঠ মন্দির চত্বর পর্যন্ত পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়েছে। ভিড় সামলানোর জন্য মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে তারাপীঠের হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। মৃত্যু হয় অনেকের। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে হোটিলগুলিতে রয়েছে বিশেষ নজরদারি। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজর রেখেছে প্রশাসন। তারাপাঠি পুণ্যার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘ডিজিটাল রুটম্যাপ’। মেলায় সহজে যাতে পুণ্যার্থীরা পৌঁছান তার জন্য এই বিশেষ ব্যবস্থা। এতে রয়েছে কিউ আর কোড স্ক্যান করে পথ নির্দেশিকা পাওয়ার সুযোগ।
তারাপীঠে মোতায়েন রয়েছে ৪ হাজার পুলিশকর্মী, চলছে ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি। মন্দির চত্বরে বসানো হয়েছে ৪০০টি সিসিটিভি। রয়েছে ফেস রেকাগনিশন ক্যামেরা। ড্রোনের সাহায্যে চলছে বিশেষ নজরদারি। উপস্থিত রাখা হয়েছে প্রায় ২০০ জন দমকলকর্মী। অগ্নিকাণ্ডের জন্য রয়েছে ৮টি ফায়ার রোবট।
প্রতিবারের মতো এই বছরও তারা মায়ের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। ভোগে রয়েছে পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের মিষ্টি। মা তারার ভোগে রয়েছে পোলাও, শোল মাছ পোড়া, পায়েস, খিচুড়ি, বলির পাঁঠার মাংস, ইত্যাদি।