Bankura: ‘স্বামীকে না ছাড়লে আত্মহত্যা করব’, পুলিশ স্বামীকে গাড়িতে তুলতেই গর্জে উঠলেন স্ত্রী - Bengali News | New twist in the arrest of the public opinion poll team in Bankura, Tension in Political Circle - 24 Ghanta Bangla News
Home

Bankura: ‘স্বামীকে না ছাড়লে আত্মহত্যা করব’, পুলিশ স্বামীকে গাড়িতে তুলতেই গর্জে উঠলেন স্ত্রী – Bengali News | New twist in the arrest of the public opinion poll team in Bankura, Tension in Political Circle

Spread the love

রাজনৈতিক মহলে জোরদার চাপানউতোর Image Credit source: TV 9 Bangla

বাঁকুড়া: টানাপোড়েনের মধ্যেই বাঁকুড়ায় জনমত সমীক্ষক দলের গ্রেফতারির ঘটনায় নয়া মোড়। গ্রেফতারির পর থেকেই তোলপাড় চলছিল রাজনৈতিক মহলে। এরইমধ্যে এবার সুর চড়াতে শুরু করেছেন ধৃতদের পরিবারের সদস্যরা। পুলিশ মিথ্যা অভিযোগ সাজিয়ে সমীক্ষক দলের সকলকে গ্রেফতার করেছে, দাবি ধৃতদের পরিবারের সদস্যদের। বিজেপিরও দাবি, পুলিশ মিথ্যা অভিযোগ সাজিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির এজেন্সির হয়েই ওই দলটি কাজ করছিল। 

কয়েকদিন আগে বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় ২ মহিলা-সহ ৫ জনকে। ধৃতদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড ও আধার কার্ডের ফটোকপি সংগ্রহের অভিযোগ আনে বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতদের দু’দিন পুলিশ হেফাজত শেষে এদিন ফের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। আদালত প্রবীর ঘোষ নামের এক অভিযুক্তের পুনরায় ২ দিনের পুলিশ হেফাজত এবং বাকি চারজনকে ১০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।  এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতেরা স্পষ্টতই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানোর  দাবিতে সরব হন ধৃতের পরিজনেরাও। 

তাঁদের দাবি ডিপলেন্স রিসার্চ নামের দিল্লির একটি সংস্থার হয়ে তাঁরা জনমত সমীক্ষার কাজ করছিলেন। সেই কাজের জন্যই বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন। সেখানে সমীক্ষার কাজ শুরুর আগে কাউন্সিলারের কাছে অনুমতি চাইতে গেলে পুলিশ ডেকে মিথ্যা অভিযোগে তাঁদের ধরিয়ে দেওয়া হয়। তাঁরা আধার কার্ড বা ভোটার কার্ড সংগ্রহ করেননি বলেও দাবি করেছেন ধৃত ও ধৃতদের পরিজনেরা। কাঁদতে কাঁদতেই অভিযুক্ত প্রবীর ঘোষের স্ত্রী টুম্পা ঘোষ বলছেন, “কেন এরকম করা হচ্ছে! কোনও রাজনৈতিক দল বুঝি না। ওরা সবাই নির্দোষ। আমার স্বামীকে ছাড়া না হলে আমি আত্মহত্যা করব।”   

এদিকে এই ঘটনা নিয়ে এখনও রাজনৈতিক চাপানউতোর অব্যহত রয়েছে বাঁকুড়ায়। বিজেপি নেতা সৌগত পাত্রের দাবি, রাজ্য সরকার চাকরি দিতে পারছে না। রাজ্যের শিক্ষিত বেকাররা বেসরকারি সংস্থায় কাজ করতে গেলে তাদেরও মিথ্যা অভিযোগে এভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বাঁকুড়া যুব তৃণমূলের জেলা সভাপতি রাজীব দে বলছেন, বিভিন্ন এনজিও ও সংস্থার নাম করে বিজেপির লোকজন এলাকায় এলাকায় গিয়ে এই তথ্য ও নথি সংগ্রহ করছে। এ ব্যাপারে দলীয় নেতৃত্ব আগেই সতর্ক করেছিল। ১৫ নম্বর ওয়ার্ডে অনুমতি না নিয়ে সেই কাজ করতে গিয়েই ধরা পড়েছে ওই ৫ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *