Jalpaiguri: অভিযানের সময় আবগারি দফতরের কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা মালবাজারে – Bengali News | Officials of excise department allegedly attacked in Malbazar
হাসপাতালের সামনে উত্তেজনা ছড়ায়Image Credit source: TV9 Bangla
মালবাজার: নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন আবগারি দফতরের বেশ কয়েকজন কর্মী। এক মহিলা কর্মীর হাত ভেঙেছে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির মালবাজারে।
সোমবার মালবাজারের মিনগ্লাস চা বাগানের ভাদাইলাইনে অভিযান চালাতে যান আফগারি দফতরের কর্মীরা। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন বেশ কয়েকজন আবগারি দফতরের কর্মী। এক মহিলা কর্মীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিযানের যাওয়ার কর্মীদের।
এদিকে মিনগ্লাস চা বাগানের যে বাড়ি থেকে হাঁড়িয়া, চোলাইমদ বানানোর সামগ্রী উদ্ধার হয়, সেই পরিবারের তরফে পালটা এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনার পরে আহত আবগারি দফতরের কর্মী এবং বৃদ্ধাকেও হাসপাতাল নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।
এই খবরটিও পড়ুন
হাসপাতাল চত্বরে উত্তেজনা
এদিকে হাসপাতালে আবগারি দফতরের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আশার খবর পেয়ে বাইরে ভিড় জমান ওই বাগানের অনেকে। বিক্ষোভ দেখান বাগানের শ্রমিকদের একাংশ। তাঁদের বক্তব্য, “পুলিশ-প্রশাসন তাদের কাজ করবে, এতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু, পূর্বপুরুষ থেকে আমাদের প্রত্যেক বাড়িতে হাঁড়িয়া তৈরি করা হয়।” আবগারি দফতরের কর্মীদের বিরুদ্ধে এক মহিলাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। অন্যদিকে, আবগারি দফতরের কর্মীদের বক্তব্য, নেশাজাত দ্রব্যের অভিযান চালাতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়।
এদিকে, বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়ায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
