Srijan Bhattacharya: জ্যোতি নয়, সৃজনের পাশে আসলে কে ছিলেন? চিনে নিন সেই তরুণীকে - Bengali News | Who was with CPIM leader Srijan Bhattacharya, clarifies Baranagar's Purbadri Poddar - 24 Ghanta Bangla News
Home

Srijan Bhattacharya: জ্যোতি নয়, সৃজনের পাশে আসলে কে ছিলেন? চিনে নিন সেই তরুণীকে – Bengali News | Who was with CPIM leader Srijan Bhattacharya, clarifies Baranagar’s Purbadri Poddar

ভুয়ো ছবি নিয়ে সরব হলেন বরাহনগরের পূর্বাদ্রি পোদ্দারImage Credit source: TV9 Bangla

বরাহনগর: গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানিকে পুলিশ গ্রেফতার করার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বাম নেতা সৃজন ভট্টাচার্যর পাশে জ্যোতি মালহোত্রা। সোমবার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বেধে যায় রাজনৈতিক মহলে। যদিও সেই ছবি ভুয়ো বলে দাবি করে মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন সৃজন। তাঁর বক্তব্য, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছবিকে বিকৃত করা হয়েছে। আর এই ছবি দেখে বিস্মৃত বরাহনগরের পূর্বাদ্রি পোদ্দার নামে এক তরুণী। তাঁর বক্তব্য, বাম নেতার পাশে আসলে তাঁর ছবি ছিল। সৃজন ভট্টাচার্যর ভাবমূর্তি নষ্ট করার জন্য এক ব্যক্তি ছবিটা বিকৃত করে পাক চর জ্যোতি মালহোত্রার ছবি ব্যবহার করেছে।

বরাহনগরের বাসিন্দা পূর্বাদ্রি বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। ভুয়ো ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর অভিযোগ, গত সোমবার অলীপ সমাদ্দার নামে এক ব্যক্তি তাঁর ছবিকে বিকৃত করে সৃজন ভট্টাচার্যের পাশে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে অলীপ ডিলিট করে দেন বলে তিনি জানান।

পূর্বাদ্রি বলেন, আসল ছবিটি চলতি বছরের ২০ এপ্রিল ব্রিগেডে সৃজনের পাশে দাঁড়িয়ে তুলেছিলেন তিনি। যা পরবর্তী সময়ে পোস্টও করেন। তবে সোমবার রাতে বিকৃত ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যান। সোমবার রাতেই বরাহনগর থানার সাইবার সেলে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এসে বরাহনগর থানায় লিখিতভাবে অভিযোগ করেন পূর্বাদ্রি। ঘটনার পিছনে বিরোধীদের মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, বামেদের কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই কুকীর্তি ঘটানো হয়েছে।

এই খবরটিও পড়ুন

পূর্বাদ্রি পোদ্দার

বিষয়টা নিয়ে উদ্বিগ্ন বরাহনগর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর সীমা দাস। তিনি পূর্বাদ্রির মা। তাঁর অভিযোগ, বিষয়টি বিরোধীদের চক্রান্ত। সৃজনের মতো এক নেতার গায়ে কাদা ছেটাতে এই পরিকল্পনা। ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *