Colonel Sofiya Qureshi: ঝাঁসির রানির সঙ্গে লড়েছিলেন ঠাকুমার মা, কর্নেল সোফিয়া কুরেশির রক্তে বইছে দেশপ্রেম, একটা কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছিলেন সেনায় যোগ দেবেন – Bengali News | Colonel Sofiya Qureshi’s Long Family History with Army, Her Grand mother’s Mother Fought Along Rani Laxmi bai
কর্নেল সোফিয়া কুরেশি।Image Credit source: PTI
নয়া দিল্লি: মুখে বড় বড় কথায় নয়, অ্যাকশনে বিশ্বাসী ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ঘরে ঢুকে জবাব দিয়ে এসেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পহেলগাঁওয়ে সিঁদুর মোছার বদলা নিতে এই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এই অভিযান নিয়ে বিগত কয়েকদিন ধরে সকলকে আপডেট দিচ্ছেন দেশের দুই বীর কন্যা-কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ব্যোমিকা সিং।
কর্নেল কুরেশিকে দেখে মুগ্ধ দেশের কোটি কোটি মানুষ। অনেকেই বলেছেন, “এমন মেয়ে হওয়া উচিত”। তবে জানেন কি, কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে সেনাবাহিনী ও দেশের ইতিহাসের এক বিরাট যোগ আছে? কর্নেল কুরেশির ঠাকুর্মার মা, রানি লক্ষ্মীবাইয়ের পাশে দাঁড়িয়ে লড়েছিলেন ১৮৫৭ সালে।
২০১৭ সালে একটি সাক্ষাৎকারে কর্নেল সোফিয়া কুরেশি বলেছিলেন, “আমি ফৌজির সন্তান। আমি সেনার কঠোর নিয়ম-অনুশাসনের পরিবেশেই বড় হয়েছি। আমার ঠাকুমার মা রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে দাঁড়িয়ে লড়েছিলেন। তিনি মহিলা যোদ্ধা ছিলেন।”
কীভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সোফিয়া কুরেশি? এই প্রশ্নের জবাবে তিনি তাঁর ঠাকুর্দার বলা একটি কথা উল্লেখ করেছিলেন। সোফিয়া কুরেশির ঠাকুর্দাও সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন, “প্রত্যেক দেশবাসীর কর্তব্য সতর্ক থাকা এবং দেশের জন্য ও দেশের পাশে দাঁড়ানো“। ঠাকুর্দার বলা এই কথাই অনুপ্রাণিত করেছিল সেই দিনের ছোট্ট সোফিয়াকে।
সোফিয়া কুরেশি একমাত্র সন্তান নন, তাঁর জমজ বোনও রয়েছে। তাঁর নাম সায়না সুনসারা। ছোটবেলা থেকেই তাদের মা দুই বোনকে অনুপ্রাণিত করতেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। সায়না মডেলিংয়ের কেরিয়ার বেছে নিলেও, সোফিয়া তাঁর শৈশবের স্বপ্নই পূরণ করেছেন। ছোট থেকেই তিনি বলতেন, ডিআরডিও-তে যোগ দিয়ে সেখান থেকে সায়েন্টিস্ট হয়ে সেনাবাহিনীতে যোগ দেবেন। যদি সেনায় সুযোগ না পেতেন, তবে পুলিশে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।
গুজরাটের মেয়ে সোফিয়া। তাঁর বাবা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়েছিলেন। ঠাকুর্দা সেনাবাহিনীতে ছিলেন। কাকাও বিএসএফে রয়েছেন। ঠাকুর্দার ঠাকুর্দাও ব্রিটিশ সেনায় ছিলেন, পরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন।
