Basirhat: রেললাইনের ধারে পড়ে আছে অর্ধনগ্ন ব্যক্তির দেহ, চাঞ্চল্য বসিরহাটে – Bengali News | Half naked body found lying on railway tracks, tension in Basirhat
বসিরহাট: দেখে চেনবার কোনও উপায় নেই! গোটা শরীর অগ্নিদগ্ধ। পড়ে আছে রেললাইনের ধারে। দেখতে পান স্থানীয় কিছু বাসিন্দা। তা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। এদিন ঘোড়ারস ও মালতিপুর রেল স্টেশনের মাঝখানে একটি ফাঁকা জায়গায় মৃতদহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই এলাকায় কার্যত ভিড় জমে যায়। কিন্তু, দেহ দেখে চিনতে পারেননি কেউই।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলে খবর যায় পুলিশের কাছে। ছুটে আসে মাটিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠানো হয়। সেখানে হবে ময়নাতদন্ত। কিন্তু, কোথা থেকে ওই মৃতদেহ এলাকায় এল তা নিয়ে ধন্দে পুলিশ। এলাকাতেও চলছে জিজ্ঞাসাবাদ।
খুন নাকি আত্মহত্যা তা নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। কেউ কেউ বলছেন, আগুন লাগিয়ে খুন করে দেওয়া হতে পারে ওই ব্যক্তিকে। আবার কেউ বলছেন, নিজেই আগুন লাগিয়ে থাকতে পারেন। কিন্তু, পরিচয় জানা না গেলে কোনও উত্তরই মিলছে না। আপাতত পরিচয় জানার চেষ্টায় পুলিশ। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে ধোঁয়াশা অনেকটাই কাটতে পারে।