‘ওয়াকফ আইন নিয়ে আর গুলোগুলি করবেন না, যদি করেন, সব থেকে বড় শত্রু আমি হব’ - 24 Ghanta Bangla News
Home

‘ওয়াকফ আইন নিয়ে আর গুলোগুলি করবেন না, যদি করেন, সব থেকে বড় শত্রু আমি হব’

Spread the love

মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে হিংসার পর সেখানে গিয়ে ওয়াকফ আইনের নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলে দিলেন, ওয়াকফ নিয়ে আমি আর বলব না। আমাকে প্ররোচিত করবেন না। যদিও এই নিয়ে বেশ কয়েকটি কথা বলেন তিনি। বলেন, ‘এটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন, সব থেকে বড় শত্রু আমি হব।’

এদিন মমতা বলেন, ‘কেন্দ্র যদি কোনও আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্বেও ওরা গায়ের জোরে করে। কিন্তু মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের কারও গায়ে স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন। আমরা কেউ কারও বিরুদ্ধে নই।’

বক্তব্যের একেবারে শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ওয়াকফ নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছিলেন মঞ্চে উপবিষ্ট কোনও তৃণমূল নেতা। তখন মুখ্যমন্ত্রী রীতিমতো মেজাজ হারিয়ে বলেন, ‘ওয়াকফ নিয়ে আমি আর বলব না। আমাকে উত্তেজিত করবেন না। ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান। এখানে নয়। বাংলায় আপনাদের কোনও সমস্যা নেই। আমি কোনও ধর্মের জমি অধিকার করি না। আর আদালতের স্থগিতাদেশ রয়েছে। আপনারা জানেন ব্যাপারটা বিচারাধীন।’

মমতার হুঁশিয়ারি, ‘এটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন, সব থেকে বড় শত্রু আমি হব। যদি আপনার অধিকার কেউ কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের। NRC করে কেড়ে নেওয়া হচ্ছিল না? আমরা তো রাস্তায় নেমেছিলাম। আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য সিদ্ধান্তটা আমায় নিতে দিন। আন্দোলনটা আমায় করতে দিন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *