মেডিক্যাল ও ডেন্টালে NRI কোটায় ‘অযোগ্য’দের ভর্তি! দুর্নীতির শিকড় খুঁজতে শহরে ED অভিযান - 24 Ghanta Bangla News
Home

মেডিক্যাল ও ডেন্টালে NRI কোটায় ‘অযোগ্য’দের ভর্তি! দুর্নীতির শিকড় খুঁজতে শহরে ED অভিযান

Spread the love

যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে, ভুয়ো শংসাপত্র পেশ করে, এনআরআই বা অনাবাসী ভারতীয় কোটায় ভর্তি করা হয়েছে অযোগ্যদের! পশ্চিমবঙ্গ-সহ সারাদেশে এমন বহু বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের হদিশ পাওয়া গিয়েছে, যেসমস্ত জায়গায় এই অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে স্বয়ং শীর্ষ আদালত।

এবার সেই ঘটনাতেই কলকাতায় তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট (ইডি)। আজ (মঙ্গলবার – ৬ মে, ২০২৫) নিউ টাউন-সহ কলকাতার একাধিক জায়গায় একত্রে ইডি অভিযান চালানো হয়।

এদিন সকাল থেকে শুরু হওয় এই তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা পৌঁছে যান নিউ টাউনের সিই ব্লকে। জানা গিয়েছে, সেখানে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান চলে। একটি আবাসনের বাসিন্দা তিনি। সেখানে ‘এডুকেশন ওয়ার্ল্ড’ নামে একটি কোচিং সেন্টার চালানো হত। অভিযোগ, এই সৌরভ সাহা নাকি মেডিক্যালের এই ভর্তি দুর্নীতিতে ‘মিডলম্যান’ হিসাবে যুক্ত ছিলেন!

অন্যদিকে, দক্ষিণ কলকাতার কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডের একটি বাড়িতেও এদিন পৌঁছে যান গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই বাড়ির বাসিন্দা হলেন পেশায় আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে এদিন সকালে একই কারণে ইডি অভিযান চালানো হয়।

সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, গত কয়েক বছর ধরেই এনআরআই কোটায় বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজগুলিতে নিয়ম বহির্ভূতভাবে পড়ুয়াদের ভর্তি করানো নিয়ে তদন্ত চলছে। যার জেরে মাস কয়েক আগে যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে অভিযান চালায় ইডি। একই কারণে রাজ্যের আরও অন্তত ১৭টি মেডিক্যাল কলেজেও পৌঁছে যান গোয়েন্দারা। সেইসব জায়গাতেও তল্লাশি চালানো হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, সেই সমস্ত অভিযানে বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেই নথিতে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, এনআরআই কোটায় ভর্তি করিয়ে দেওয়ার বদলে অযোগ্যদের কাছে থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে। এটি আদতে একটি বিরাট ও ব্যাপক দুর্নীতির (কোটি কোটি টাকার) অংশ বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের বাড়ি এবং একটি স্বেচ্ছাসেবাী সংস্থা দ্বারা পরিচালিত মেডিক্যাল ও ডেন্টাল কলেজেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সারাদেশে এমন অন্তত ২৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে ইডি অভিযান হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *