ইমপা হাউজে দেব ভার্সেস টলিপাড়া! দেব কি প্রাইম ডেট ছেড়ে দেবেন? - Bengali News | What decision was made at the meeting at Eimpa house - 24 Ghanta Bangla News
Home

ইমপা হাউজে দেব ভার্সেস টলিপাড়া! দেব কি প্রাইম ডেট ছেড়ে দেবেন? – Bengali News | What decision was made at the meeting at Eimpa house

Spread the love

বাংলা ছবির স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল ২৭ ডিসেম্বর। সেখানে টলিপাড়ার নামী প্রযোজক-পরিচালকরা উপস্থিত ছিলেন। ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত যেমন ছিলেন, তেমনই টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ছিলেন। টলিপাড়ায় বিগত কিছু দিন ধরে নানা ধরনের অশান্তি বেধেই রয়েছে। যেমন দুর্গাপুজোর সময়ে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছিল। ‘রক্তবীজ টু’-র সঙ্গে যুক্ত জিনিয়া সেনকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয়। তিনি থানাতে অভিযোগ জানাতে বাধ্য হন। কারা এমন আক্রমণ করলেন? উত্তর খুঁজছে টলিপাড়া।

আবার বড়দিনে নবীনা সিনেমা হলের সামনে আশান্তি করেছেন কিছু অনুরাগী, সেখানে নায়ক দেবের ছবি চালানো হচ্ছে না বলে। এদিকে অশোকা, প্রিয়া, মেনকা-তে দেবের ছবি চলবে, তা ঠিক হয়ে গিয়েছিল। আর নবীনা-তে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ শো পাবে, তা নাকি ডিসট্রিবিউটাররা আলোচনার মাধ্যমেই ঠিক করেছিলেন। তা সত্ত্বেও সিনেমা হলের বাইরে এমন সমস্যার চোটে এবার দর্শকরা বিরক্ত। একইভাবে বিরক্ত প্রযোজক শ্রীকান্ত মোহতা থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলার অন্যতম নামী প্রযোজক শ্রীকান্তের বক্তব্য, এমন ঘটনা চলতে পারে না।

স্বরূপ বিশ্বাস বললেন, ”বাংলা ছবি বা কোনও নায়ক-নায়িকার অনুরাগী থাকা ভালো ব্যাপার। কিন্তু তার জন্য প্রযোজক-পরিচালক বা অভিনেতা-অভিনেত্রী বা তাঁদের বাড়ির মানুষজন হেনস্থার শিকার হবেন, এটা কাম্য নয়।” এদিকে চক্রান্ত করে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির রেটিং কমিয়ে দেওয়া হয়েছে মুক্তির প্রথম দিনেই, এমন অভিযোগ প্রযোজকের। কারা এমন করছে, তার তদন্তে সাহায্য় চাইতে, টলিপাড়ার মাথারা বুধবারই নাকি লালবাজারে পৌঁছবেন।

স্ক্রিনিং কমিটি থাকবে কি থাকবে না, তা নিয়ে এদিন ইমপা হাউজে ভোটাভুটি হয়। ১২ জন কমিটির পক্ষে ভোট দেন। দেব কমিটির পক্ষে নন। তবে তিনি ১২-১ ভোটে হেরে যান। তাই কমিটি থাকছে। তারা বাংলা ছবির ক্যালেন্ডার প্রকাশ করবে ১৯ জানুয়ারি। এদিন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ইমপা-র বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি কমিটির বিরোধিতা করেননি।

পিয়া সেনগুপ্ত যোগ করেন, ”একজন সদস্য বলেছেন অপেক্ষাকৃত নতুন প্রযোজক-পরিচালকদের প্রাইম ডেট পাওয়া উচিত ছবি মুক্তির ক্ষেত্রে। এটা ভালো প্রস্তাব। তিনি বড় তারকা। আমরা তাঁকেই অনুরোধ করব, তিনি যেন তাঁর ছবি মুক্তির প্রাইম ডেট নতুন কাউকে ছেড়ে দেন।” এ কথা যে দেবকে বলা হয়েছে কমিটির তরফে, তা বুঝতে অসুবিধা হয় না। কারণ দেব প্রকাশ্যে বলেছেন, নতুন প্রযোজক-পরিচালকদেরও প্রাইম ডেট দেওয়া প্রয়োজন। প্রাইম ডেট মানে দুর্গাপুজো বা বড়দিনের মতো ছুটির মরসুমে সিনেমা হলে ছবি রিলিজের সুযোগ পাওয়া। ২০২৫-এ স্বাধীনতা দিবস, দুর্গাপুজো এবং বড়দিন, তিনটে প্রাইম ডেটেই দেবের ছবি মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *