Pahalgam Attack: জঙ্গিদের ‘শিরে সংক্রান্তি’, জম্মুতে ‘অ্যাকশনে’ সেনা! গুঁড়িয়ে দিল আরও এক লস্কর জঙ্গির বাড়ি – Bengali News | Indian Army Destroys Lashkar e Taiba Terrorist’s Hideout in Jammu and Kashmir
ঘটনাস্থলের ছবিImage Credit source: নিজস্ব চিত্র
রিপোর্ট জ্যোতির্ময় কর্মকার ও সিজ়ার মণ্ডল
শ্রীনগর: আসিফ, আদিলের পর আরও এক জঙ্গি। ভারতীয়দের উপর হামলার পরিণাম হাড়ে-মজ্জায় টের পাচ্ছে তারা। শনিবার সন্ধ্যায় আরও এক লস্কর-ই-তৈবা গোষ্ঠীর সদস্য বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। গত দু’দিনে এই নিয়ে ছয় জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা।
স্থানীয় সূত্রে খবর, ওই জঙ্গির নাম ফারুক আহমেদ। বেশ কয়েক বছর ধরেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত রয়েছে সে। এদিন কাশ্মীরের কুপওয়ারা এলাকায় তার বাড়ির সন্ধান পেয়ে তা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় সেনা। তবে এই ঘটনা যখন ঘটছে, ততক্ষণে এলাকাছাড়া ফারুক। সূত্রের খবর, কাশ্মীর ছেড়ে পাকিস্তানে গা ঢাকা দিয়ে বসে আছে ফারুক।
এর আগে পহেলগাঁও নাশকতার সঙ্গে যুক্ত আদিল আহমেদের অনন্তনাগের বাড়ি উড়িয়ে দেয় সেনা। একই দিনে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় ওই হামলার সঙ্গে যুক্ত আরও এক লস্কর-ই-তৈবার শাখাগোষ্ঠীর সদস্য আসিফ আহমেদের বাড়ি। এছাড়াও, লস্কর গোষ্ঠীর আরও বেশ কিছু সদস্যের বাড়িও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেনা।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হওয়া সন্ত্রাসী হামলার পর থেকেই কাশ্মীর জুড়ে ‘অ্যাকশনে’ নেমেছে ভারতীয় সেনা। ফের নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে উপত্যকাকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ‘কূটনৈতিক যুদ্ধে’ নেমেছে নয়াদিল্লি। স্থগিত হয়েছে দুই দেশের মধ্যে বছর বছর ধরে চলা সিন্ধু জলবন্টন চুক্তি। সাময়িকভাবে তালা বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমানা।
