KKR vs PBKS Playing XI IPL 2025: রাসেল ধাঁধায় কেকেআর! শ্রেয়সদের বিরুদ্ধে কী হতে পারে কম্বিনেশন? – Bengali News | Kolkata Knight Riders Team Punjab Kings Team Preview, Predicted Playing XI, Pitch, Weather Report IPL 2025
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কলকাতা নাইট রাইডার্স এখনও সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার অপেক্ষায়। পয়েন্ট টেবলে খুব একটা স্বস্তির জায়গায় নেই। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু কী ভাবে! এই ফর্মুলাটাই যেন খুঁজে বেড়াচ্ছে নাইট শিবির। ঘরের মাঠে গত ম্যাচে কম্বিনেশনে বড় বদল এনেছিল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে কুইন্টন ডিককের পরিবর্তে ওপেনিংয়ে নারিনের সঙ্গে আনা হয়েছিল গুরবাজকে। এই জুটিও সাফল্য পায়নি। মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামা গুরবাজ দাগ কাটতে পারেননি। তবে প্রশ্ন শুধু একটা নয়, বেশ কিছু।
কলকাতা নাইট রাইডার্স আজ ঘরের মাঠে নামছে। যদিও এ মরসুমে কেকেআরের কাছে ঘরের মাঠ আর অ্যাওয়ে ম্যাচের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত দুই ম্যাচেই হেরেছে কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাত্র ১১২ রান তাড়া করতে নেমে খেই হারায়। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও ব্যাটিং বিপর্যয়। এখান থেকে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। আজ সামনে ফের পঞ্জাব। ইডেনে শেষ বার যখন কেকেআর-পঞ্জাব মুখোমুখি হয়েছিল, তখনকার ঘটনা অনেকেরই মনে রয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পঞ্জাব কিংস। গত বার কেকেআরের ক্যাপ্টেন ছিলেন শ্রেয়স আইয়ার। এ বার তিনি পঞ্জাবের ক্যাপ্টেন।
প্রাক্তন দল, চেনা মাঠ, পরিচিত প্রতিপক্ষ। পঞ্জাবে মাঠে ক্যাপ্টেন শ্রেয়স ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। ইডেনে বাড়তি নজর থাকবে শ্রেয়স আইয়ারের দিকে। তাঁর ব্যাট যাতে এই ম্যাচেও না চলে, কেকেআর সমর্থকদের প্রত্য়াশা থাকবে তেমনই। কেকেআরের প্রতিপক্ষ আপাতত নিজেরাই। অংকৃষ রঘুবংশী এবং ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে ছাড়া ব্যাটিংয়ে কাউকেই ধারাবাহিক বলা যায় না। সবচেয়ে অস্বস্তিকর ভেঙ্কটেশ আইয়ার এবং ক্যারিবিয়ান ‘কিংবদন্তি’ আন্দ্রে রাসেলের ফর্ম। গত ম্যাচে যেমন বদলের রাস্তায় হেঁটেছিল কেকেআর, এই ম্যাচেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাসেলের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজেরই অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে খেলালে অবাক হওয়ার কিছু নেই।
পিচ কেমন হবে, সেই অনুযায়ী চতুর্থ বিদেশি বাছাইও সমস্য়ার। পঞ্জাব ম্যাচে অনরিখ নর্টজেকে খেলানো হয়েছিল। তবে ঘরের মাঠে গত ম্যাচে ফেরানো হয় স্পিন বোলিং অলরাউন্ডার মইন আলিকে। এই ম্যাচে মইন নাকি অনরিখ কিংবা বাঁ হাতি পেসার স্পেন্সর জনসন, এই ধোঁয়াশা থাকছেই। পঞ্জাব কিংসের অবশ্য কম্বিনেশনে বিরাট কোনও বদলের সম্ভাবনা ক্ষীণ। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল/রোভম্যান পাওয়েল, রমনদীপ সিং, হর্ষিত রানা, অনরিখ নর্টজে/স্পেন্সর জনসন/মইন আলি, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস/গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, অর্শদীপ সিং, জাভিয়ের বার্টলেট, যুজবেন্দ্র চাহাল