হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৃজিত, স্বস্তিতে অনুরাগীরা – Bengali News | Srijit mukherjee back to home from hospital know his health update
অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বাড়ি ফিরলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে আচমকাই শরীর খারাপ হয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। জানা যায়, তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে শনিবার বেলা গড়াতেই চিকিৎসকরা নিশ্চিত করেছেন, সৃজিতের হার্ট একেবারেই সুস্থ এবং সমস্ত মেডিক্যাল রিপোর্টও স্বাভাবিক।
চিকিৎসকদের মতে, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়) নামক একটি হজমজনিত রোগে। এই অসুখে গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। সৃজিত ছিলেন চিকিৎসক শুভানন রায়ের তত্ত্বাবধানে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। আর এদিন সকাল হতেই বাড়ি ফিরলেন পরিচালক। আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এই ছবি মুক্তি পেয়েছে পয়লা বৈশাখে। শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। সামনেই নতুন নাটকে অভিনয় করবেন সৃজিত। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন।