Nishikant Dubey-Supreme Court Controversy: ‘সংসদ বন্ধ করে দিন…’, ওয়াকফ আবহে সুপ্রিম কোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের – Bengali News | BJP MP Nishikant Dubey Attacks Judicial System, Tells to Shut Down Parliament if Supreme Court Makes Law
নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদের। উসকে দিলেন বিতর্ক। এমনকী, বিতর্কিত মন্তব্যের পর দলও দূরত্ব তৈরি করে নিয়েছে। ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আপাতত ওয়াকফ আইনের কিছু অংশ কার্যকর করার উপরে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আর এরপরই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচারব্যবস্থাকে আক্রমণ করে বললেন, “যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায়, তাহলে দেশে সংসদের প্রয়োজন নেই। সংসদ বন্ধ করে দিলেই হয়।”
ওয়াকফ সংশোধনী আইনে ‘ওয়াকফ বাই ইউজার’-র বিধান নিয়েই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আগামী শুনানি পর্যন্ত আইনের কিছু অংশ লাগু করা হবে না বলে আশ্বাস দিয়েছে কেন্দ্রও। সেখানেই গোড্ডার চারবারের সাংসদ অভিযোগ করলেন যে সুপ্রিম কোর্ট তার ক্ষমতার এক্তিয়ার পার করছে। সংসদের পাশ করা আইন বাতিল করছে, এমনকী রাষ্ট্রপতি, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন, তাকে নির্দেশ দিচ্ছে।
শীর্ষ আদালতকে তার কাজ বুঝিয়ে বিজেপি সাংসদ বলেন যে সংবিধানের ৩৬৮ ধারা অনুযায়ী আইন তৈরি করা সংসদের কাজ। আদালতের কাজ হল সেই আইন ব্যাখ্যা করা। তিনি বলেন, “কীভাবে আপনারা নিয়োগ করা কর্তৃপক্ষকেই নির্দেশ দেন? রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেন। সংসদ দেশের আইন তৈরি করে। আপনারা সেই সংসদকে শাসন করবেন? কীভাবে আপনারা নতুন আইন তৈরি করছেন? কোন আইনে লেখা আছে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে? এর অর্থ আপনারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান। সংসদ অধিবেশন বসলে এই নিয়ে আলোচনা হবে…”
ধর্মীয় ও সাম্প্রদায়িক হিংসার জন্য সুপ্রিম কোর্টকে দুষেই নিশিকান্ত দুবে বলেন, “দেশে ধর্মীয় যুদ্ধ শুরু করার জন্য দায়ী সুপ্রিম কোর্ট। যদি সব কিছুর জন্যই সুপ্রিম কোর্টে যেতে হয়, তবে সংসদ ও বিধানসভা বন্ধ করে দেওয়া উচিত।”
নিশিকান্ত দুবের সুরেই সুর মেলান আরেক বিজেপি সাংসদ দীনেশ শর্মা। তিনি বলেন, “ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে কেউ নির্দেশ দিতে পারে না। রাষ্ট্রপতিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না”।
গোড্ডার সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধতেই দূরত্ব তৈরি করে নেয় বিজেপি। রাতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের বিচারব্যবস্থা ও প্রধান বিচারপতি নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মার মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। এটা তাঁদের ব্যক্তিগত মন্তব্য। বিজেপি এই ধরনের মন্তব্যের সঙ্গে সম্মতি রাখে না বা সমর্থনও করে না।”
