ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন অঞ্জনা বসু, মুখ খুললেন – Bengali News | Anjana Basu shared a terrifying experience
অভিনেত্রী অঞ্জনা বসু বাংলা ধারাবাহিকের চেনা মুখ। অভিনেত্রী এই মুহূর্তে কোনও ধারাবাহিকের মুখ না হলেও পরপর তাঁর ছবি মুক্তির পথে। আগামী মে মাসেই তাঁর ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ মুক্তির কথা। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে তাঁকে দেখা যাবে। TV9 বাংলায় একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তাঁর রাজনৈতিক সত্তা নিয়ে। সিনেমা ,সিরিজ, সিরিয়ালের শ্যুট থেকে প্রচার নিয়ে ব্যস্ত, তবে আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে লড়তে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, এখনই বলার মত অবস্থায় তিনি নেই, দলের কাছ থেকে প্রস্তাব আসেনি এখনও, এলেও তিনি কতটা তৈরি এখনও ভেবে দেখেন নি। তবে বিরোধী দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কখনও কী তাঁকে কাজ হারাতে হয়েছে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানালেন অঞ্জনা বসু।
অঞ্জনা বললেন, ‘ আমার কাজ পেতে কোন দিন অসুবিধা হয়নি, আমি এই রাজ্যে বসে বিরোধী দলের হয়ে কাজ করেও আমার টলিপাড়াতে কাজের অভাব হয়নি, অবশ্যই আমি অনেকের মুখেই শুনি কাজ পাচ্ছেন না , তাঁদের রাজনৈতিক পরিচিতির জন্য । তবে আমার কোনও সমস্যা হয়নি, আসলে আমি মনে করি নিজের কাজ যদি খুব ভাল করে জানি, তাহলে প্রযোজক, পরিচালকরা কাজ দেবেই। ”
এই কথা বলার পর অঞ্জনা বসু ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা জানালেন, তিনি বললেন, ‘এই গল্প এর আগে কখনই কাউকে বলিনি এই প্রথম বলছি। কাজের অভাব আমার হয়নি, তবে আমি যখন প্রথম বিজেপি দলের সঙ্গে যুক্ত হই, একদিন বাড়ি ফিরতেই দেখলাম আমার বাড়ির সব কাচের জানলা, দরজা ভেঙে ফেলা হয়েছে ইট পাটকেল মেরে । আমি আমার পার্টিতেও জানাইনি, সংবাদ মাধ্যমকেও জানানইনি। একদিন অপেক্ষা করেছিলাম, লোকাল থানা থেকে এসে পর্যবেক্ষণ করে যাওয়ার পর মিস্ত্রি ডেকে সারা বাড়ির কাচের জানলা সারিয়ে ফেলেছিলাম। সেই দিন একটু হলেও বিচলিত হয়েছিলাম। তবে তারপর থেকে কখনোই কোন সমস্যায় পড়িনি।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অঞ্জনা বসু জানালেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে দেখা হয়েছে আমাকে সম্মান দিয়েছেন, এবং আমিও সম্মান জানিয়েছি। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত কোন রাগ নেই আমার, আমার এই সিস্টেম এর বিরুদ্ধে অভিযোগ। আমি বিশ্বাস করি উনি ভালো কাজ করতে চান, তবে ওর পারিসদরা ভালো নয়। “