IPL 2025: ‘সিনিয়ররা তো আরও জঘন্য’, বিসিসিআইয়ের দ্বিমুখী নীতি নিয়ে তোপ কার? – Bengali News | I don’t think he has done anything wrong Ex NZ star Simon Doull defends Digvesh Rathi’s celebration in IPL 2025
IPL 2025: ‘সিনিয়ররা তো আরও জঘন্য’, বিসিসিআইয়ের দ্বিমুখী নীতি নিয়ে তোপ কার?
কলকাতা: দিগ্বেশ আছেন দিগ্বেশেই। এ বছরের আইপিএলের (IPL) নতুন তারকা দিগ্বেশ রাঠি। মুগ্ধ করেছেন নিজের বোলিং পারফরম্যান্স দিয়ে। শুধু তাঁর বোলিং নয়, তাঁর সেলিব্রেশনও নজর কেড়েছে আইপিএলে। বির্তকও কম হচ্ছে না তাঁকে নিয়ে। এই মরসুমে দিগ্বেশ প্রায়ই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দলকে উইকেট এনে দিয়েছেন। জয়ের রাস্তা সুগম করেছেন। তাঁর মতো তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্সের প্রশংসা করছেন প্রাক্তনরা। মেগা নিলামে মাত্র ৩০ লাখ টাকার বেস প্রাইসে তাঁকে কিনে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তিনি সেলিব্রেশন করে সমস্যায় পড়ছেন। শাস্তি হচ্ছে। সিনিয়র ক্রিকেটারদের বেলায় নিয়ম কেন আলাদা? এ নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রাক্তন কিউয়ি তারকা।
বয়স যতই কম হোক, বিসিসিআই কিন্তু দিগ্বেশ রাঠিকে শাস্তি দেওয়া থেকে পিছপা হয়নি। যদিও নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল মনে করেন যে, দিগ্বেশকে বোর্ড শাস্তি না দিলেও পারত। ডুল ১৮তম আইপিএলে বিশ্লেষকদের মধ্যে একজন। তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। ডুল জানিয়েছেন, তিনি ভারতের সিনিয়র তারকাদের দিগ্বেশের চেয়েও অনেক খারাপ আচরণ করতে দেখেছেন। এলএসজি স্পিনারকেই কেন জরিমানা করা হচ্ছে? নামী খেলোয়াড়দের কিন্তু বারবার ছাড় দেওয়া হয়েছে।
ডুলের কথায়, “দলকে জরিমানাটা দিতে হবে। এটা আমার ভালো লাগছে না। ওর এই সেলিব্রেশনটা আমার খুব ভালো লাগে। আমার তো মনে হয় না ছেলেটা কোনও ভুল করেছে। আমি দেখেছি, সিনিয়র ভারতীয় খেলোয়াড়রা আরও খারাপ সেলিব্রেশন করছে মাঠে। কিন্তু তাদের কখনও জরিমানা হয়নি।”
পঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করার পরেই দিগ্বেশ প্রথমে সাইন-অফ সেলিব্রেশন শুরু করেন। মঙ্গলবার আইপিএলের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনউয়ের দিগ্বেশ নিজের সেলিব্রেশনে কিছুটা পরিবর্তন আনেন। নিজের হাতে নোটবুক সেলিব্রেশন না করে মাটিতে সেই সেলিব্রেশন করেন।