Road Accident: চিংড়িঘাটায় স্কুটিতে ধাক্কা মেরে আরোহীকে পিষে দিল সরকারি বাস – Bengali News | One person died after a bus hits a scooty in Chingrighata
এই স্কুটিতেই ধাক্কা মারে সরকারি বাসটিImage Credit source: TV9 Bangla
কলকাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। স্কুটিতে ধাক্কা মারার পর ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় একটি সরকারি বাস। মৃত ব্যক্তির নাম হরমোহন। স্কুটিটি চালাচ্ছিলেন অরুণ রায় নামে এক ব্যক্তি। তিনি সামান্য আহত হয়েছেন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটায়। দুর্ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুর একটা ১৫ মিনিট নাগাদ ওই দু’জন স্কুটিতে করে শান্তিনগর থেকে চিংড়িঘাটা হয়ে গড়িয়ার দিকে যাচ্ছিলেন। ইএম বাইপাস চিংড়িঘাটা রোডে স্কুটিটি উঠলে একটি সরকারি বাস স্কুটিতে ধাক্কা মারে। হরমোহন রাস্তার উপর পড়ে যান। আর অরুণ রায় রাস্তার ধারে পড়েন। তখনই স্কুটি আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় সরকারি ওই বাস।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয়। কিন্তু, দুর্ঘটনা রুখতে কোনও পদক্ষেপ করা হয়নি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজট হয়। প্রগতি ময়দান থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ও বেলেঘাটা ট্র্যাফিকের একাধিক পুলিশকর্মী।
এই খবরটিও পড়ুন
২ দিন আগে সল্টলেকের ওয়েবেল মোড়ে সাঁতরাগাছি থেকে বারাসত রুটের একটি বাসের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়। ওই তরুণী তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। পিছন থেকে ধাক্কা মারার পর তরুণীর মাথায় উঠে যায় বাসের চাকা।
