সোনিকা চৌহান মৃ্ত্যু মামলা, জুলাই-অগস্টে রেজাল্ট আউটের সম্ভাবনা – Bengali News | Where does the case of Sonika Singh Chauhan’s death stand now
রবিবার সকাল থেকে ঠাকুরপুকুরে একটা বিরাট দুর্ঘটনা ঘিরে তোলপাড় টলিপাড়া। রবিবার সকালে খবর ছড়ায়, সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি বি.এম. ডাব্লিউ গাড়ি কয়েকজন পথচারীদের আচমকা ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই শোনা যায় ওই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে বাকি কারা ছিলেন তা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। শোনা যায়, সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, ঋতুপর্ণা সেন, ভিক্টো সকলেই নাকি ছিলেন গাড়িতে। উঠে আসে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহার নাম। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আরিয়ান আর স্যান্ডি স্পষ্ট করেন দুর্ঘটনার সময়ে তাঁরা গাড়িতে ছিলেন না। ঋতুপর্ণা সেন TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময়ে গাড়িতে ছিলেন। তবে মদ্যপ অবস্থায় ছিলেন না। স্থানীয় মানুষরাই তাঁকে বাড়ি পৌঁছাতে সহযোগিতা করেছেন।
এদিকে টলিপাড়ায় এই ঘটনা ঘটার পরেই সোনিকা চৌহান মৃত্যু মামলার বিষয়টি কোন জায়গায় রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ২০২০ সালে সোনিকা সিং চৌহানের মৃত্যু মামলায় চার্জ গঠন হয়। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে আলিপুর আদালত। অনিচ্ছাকৃত খুনের ধারায় বিক্রমের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। বেপরোয়াভাবে গাড়ি চালানো-সহ একাধিক ধারা দেওয়া হয়েছিল। তবে নিজেকে নির্দোষ বলে আদালতে দাবি করেছিলেন বিক্রম। ২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম।
সোমবার সকালে আইনজীবী নবকুমার ঘোষ TV9 বাংলাকে জানালেন, ”বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারব না এখন। এটুকু বলতে পারি, আদালতে ট্রায়াল শেষ পর্যায়ে চলে এসেছে। জুলাই বা অগস্ট মাসে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে।”