Raiganj: কালো কুণ্ডলীকৃত ঝড়! এক মুহূর্তের ভয়াবহ টর্নেডো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে – Bengali News | Raiganj Black coiled storm! A moment of terrifying tornado hits the Raiganj university campus
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে টর্নেডোImage Credit source: TV9 Bangla
রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ দেখা দিয়েছে ভয়াবহ টর্নেডো। বিকট শব্দ! কালো হয়ে আসে এলাকা, কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো ঝড়! টর্নেডোর ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশ্ববিদ্যালয়ের বাংলা, অঙ্ক বিভাগ এবং হোস্টেল সংলগ্ন মাঠে এই বিশালাকার টর্নেডোয় আতঙ্ক ছড়ায়। তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে অবস্থান করছিলেন। এ কারণে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
টর্নেডোটি ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে এই অবস্থায় ছিল বলে জানা গেছে। এদিকে আচমকা শহরের বুকে বিশ্ববিদ্যালয়ের মাঠে টর্নেডো দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পাসের কর্মচারী এবং আশেপাশের বাসিন্দারাও। অনেকেই মোবাইল ফোনে টর্নেডোর ছবি ও ভিডিও তুলতে থাকেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তবে বিশেষজ্ঞ অধ্যাপকরা সতর্ক করেছেন, টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছবি বা ভিডিয়ো তোলা বিপজ্জনক হতে পারে। তাঁদের পরামর্শ, টর্নেডো দেখলে তা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আশ্রয় নেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানান, টর্নেডোর সময় ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাসরুমে ছিল। যদি মাঠে থাকত, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।
