PM Modi: মোদীর জন্যই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেননি পুতিন, বললেন পোল্যান্ডের মন্ত্রী – Bengali News | Poland acknowledges PM Narendra Modi’s efforts in pursuing against using nuclear weapon
নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী
নয়াদিল্লি: আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসান হোক। বছর তিনেক আগে এই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই বার্তাই দিয়ে আসছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিরপেক্ষ নয়। শান্তির পক্ষে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করল পোল্যান্ড। মোদীর অনুরোধেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি বলে মন্তব্য করলেন পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী তথা বিদেশসচিব ওয়াদিসলো তেওফিল বার্তোসজেউস্কি।
পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন পুতিনকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় বলে রাশিয়ার প্রেসিডেন্টকে বুঝিয়েছিলেন মোদী। একইরকমভাবে পুতিনকে ফোন করেছিলেন চিনের প্রেসিডেন্টি শি জিনপিং-ও। পোল্যান্ডের উপ-বিদেশমন্ত্রী বলেন, মোদী ও জিনপিংয়ের ফোন পাওয়ার পরই পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নেন পুতিন। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় মোদীর ভূমিকারও প্রশংসা করেন বার্তোসজেউস্কি।
ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। সেই সম্পর্ক আরও দৃঢ় করার উদ্যোগ নিয়েছেন মোদী ও পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথম থেকে মোদী বলে আসছেন, আলোচনা ও কূটনৈতিক মাধ্যমে দুই দেশের যুদ্ধের অবসান হোক। গত বছরের জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। পরের মাসে ইউক্রেন সফরে যান।
এই খবরটিও পড়ুন
বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ভারতকে। করোনা-সহ বিভিন্ন ক্ষেত্রে কঠিন সময়ে একাধিক দেশকে সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছে ভারত। ১০০টির বেশি দেশকে করোনার ভ্যাকসিন পাঠিয়েছে। টার্কি ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ পাঠায় ভারত। আবার বিভিন্ন দেশে টালমাটাল পরিস্থিতিতে ভারতীয়দের ফিরিয়ে আনতেও তৎপরতা দেখিয়েছে মোদী সরকার।
