CM Mamata Banerjee: ‘রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য’, বিধানসভায় গর্জে উঠলেন মমতা – Bengali News | Chosen the month of Ramadan to attack Muslims, Mamata Banerjee attacks BJP in the Legislative Assembly
কলকাতা: চ্যাংদোলা হুঁশিয়ারতে উত্তাল বিধানসভা। ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দিতে পারেন না শুভেন্দু, সাফ কথা তৃণমূলের। পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মধ্যে তুমুল বচসা, তর্কাতর্কি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই চিৎকার পদ্ম বিধায়কদের। কিন্তু, আসল ঘটনার সূত্রপাত কোথা থেকে?
সূত্রের খবর, এদিন মমতা যখন বিধানসভায় ঢোকেন তার কয়েক মিনিট আগেই গোলাম রব্বানিরা শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে সরব হন। সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া নিয়ে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তার বিরোধিতায় তাঁরা নিন্দা প্রস্তাব আনেন। আর তাতেই যেন একেবারে আগুনে ঘি পড়ে। বিজেপির বিধায়করা উঠে দাড়িয়ে প্রতিবাদে সরব হন। স্লোগানও দিতে থাকেন। তীব্র চিৎকার চেঁচামমেচি শুরু হয়ে যায় বিধানসভার অন্দরে। তারমধ্যেই নিজের বক্তব্য রাখতে থাকেন মমতা। কিন্তু অবস্থা এমন দাঁড়ায় যে একসময় তাঁকে বর্ক্তৃতা থামিয়ে দিতে হয়।
স্পিকারের তরফে লাগাতার বিধানসভাকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি ব্যর্থ হন। মমতা নিজেও একাধিক সকলকে চুপ করতে বললেও ততক্ষণে কার্যত উত্তাল হয়ে উঠে বিধানসভার অন্দর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝখানেই ফের চিৎকার শুরু করে দেন বিজেপি বিধায়করা। এরইমধ্যে ফের বলতে শুরু করেন মমতা। পাল্টা আক্রমণ শানান তিনিও। বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে সাফ বলেন, “আপনারা ধর্মীয় কার্ড খেলেন। সবথেকে বড় ধর্ম মানবিকতা। ধর্মের নামে জালিয়াতি করবেন না। আমি একজন হিন্দু। এটা আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে?” এখানেই না থেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “বাংলাকে অবমাননা করবেন না। বাংলা কে ভাগ করার চেষ্টা করবেন না। আপনারা কেন মুসলমান দের টিকিট দেন না? আমি তো ৭৯ পার্সেন্ট হিন্দুদের টিকিট দিই। মহিলাদের টিকিট দিই। আসলে কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে।” এরপরই সংঘ্যালঘুদের উদ্দেশ্যে বলেন, “রোজার মাসকে বেছে নিয়েছে মুসলমানদের আঘাত করার জন্য। সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকুন। সর্ব ধর্ম সমন্বয় জিন্দাবাদ।” পাল্টা বলতে উঠে তৃণমূলকে একহাত নেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর প্রশ্ন, “ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা, হুমায়ূন কবির প্রতিদিন হিন্দুদের আক্রমণ করে চলেছেন। তাদের বেলা কী হবে?”