Ravi Shastri, IND vs AUS: এটাই সঠিক সময়… রোহিতদের বিশেষ পরামর্শ প্রাক্তন কোচের – Bengali News | Ravi Shastri on Varun Chakravarthy ahead of ICC Men’s Champions Trophy 2025 semi final, ‘It’s right time to unleash him’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ। আর দুটো ধাপ। পেরোতে পারলেই ট্রফি। আগামী কাল দুবাইয়ে প্রথম সেমিফাইনাল। জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ এ-র সেরা দল হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। অন্য দিকে, গ্রুপ বি-তে দ্বিতীয় হয়েছে অস্ট্রেলিয়া। দুবাইতে ভারতের প্রতিপক্ষ অজিরা। আইসিসি টুর্নামেন্টের নকআউটে আরও একবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে নিয়ে আশা আশঙ্কা দুই-ই রয়েছে ভারতীয় শিবিরে। তার আগে রোহিতদের বিশেষ পরামর্শ দিলেন ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী।
নিউজিল্যান্ড স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত খেলে। কয়েক মাস আগেই ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ক্লিনসুইপ করেছে তারা। ভারতের স্পিন জাল কোনও কাজে আসেনি। ফরম্যাট আলাদা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ভয় ছিল স্পিনই। দুবাইয়ের পিচে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণও মন্দ নয়। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেন ভারতীয় স্পিনাররাই। প্রতিপক্ষর ১০টির মধ্যে ৯টি উইকেট স্পিনারদের দখলেই। এর মধ্যে পাঁচ উইকেট বরুণ চক্রবর্তীর।
সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় কম্বিনেশনে বদল করেছিল ভারত। চতুর্থ স্পিনার হিসেবে বরুণকে খেলানো হয়। ৪২ রান দিয়ে পাঁচ উইকেট। সেমিফাইনালেও চার স্পিনারের কম্বিনেশনে যাওয়া উচিত কি না, এই নিয়ে ধোঁয়াশা ভারতীয় শিবিরে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘ওর বোলিংয়ে মুগ্ধ। টিম ম্যানেজমেন্টকে ফুল মার্কস দিতেই হচ্ছে। দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছিল। বরুণ এমনই একজন, যে মাঝের ওভারে উইকেট দিতে পারে। আমার মনে হয়, এটাই সঠিক সময় ওকে কাজে লাগানোর। পাঁচ উইকেট নিয়েছে। একাদশে ওর জায়গা ধরে রাখা উচিত।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী বোলিং করেছিলেন। এরপরই ওয়ান ডে সিরিজেও যোগ করা হয় বরুণকে। খেলেছিলেন একটিই ম্যাচ। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হয়। আর প্রথম সুযোগেই ফাইফার। সাম্প্রতিক ফর্মের জেরেই বরুণকে খেলানো উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী।