PSU Stock Price: সকলের পছনের স্টক, হঠাৎ হুড়মুড়িয়ে পতন! কী এমন হল পিএসইউ সংস্থাগুলোর সঙ্গে? – Bengali News | Why The Stock Price Of PSU is Declining?
করোনার পর গত কয়েকটা বছরে যখন ভারতের বাজার চড়চড়িয়ে উঠেছে তখন র্যালি দেখিয়েছিল পিএসইউ বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোও। তারপর বাজার পড়তে শুরু করার পর হুড়মুড়িয়ে পড়েছে এই সংস্থার শেয়ারের দামও। তথ্য বলছে ২০২৩ সালের নভেম্বরে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর যা মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল, বর্তমানে অবস্থায় সংস্থাগুলোর মার্কেট ক্যাপ আবার সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে।
ফেব্রুয়ারির শেষে দেশের স্টক মার্কেটে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সম্মিলিত মার্কেট ক্যাপ ছিল ৫৭.৪৩ লক্ষ কোটি টাকা। আর ২০২৪-এর জুলাইয়ে সেই মার্কেট ক্যাপ ছিল ৮১.৩৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, সর্বোচ্চ দর থেকে মাত্র ৭ মাসেই প্রায় ২৪ লক্ষ কোটি টাকা হারিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো।
লিস্টেড ১০৩টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে ৭টা সংস্থার শেয়ারের দাম তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামের তুলনায় নেমেছে ৬০ শতাংশের বেশি। ২৮টি সংস্থার শেয়ারের দাম নেমেছে ৫০ শতাংশ থেকে ৫৯ শতাংশের মধ্যে।
বিশেষজ্ঞরা মনে করছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর শেয়ারের দামে পতনের পিছনে রয়েছে তৃতীয় ত্রৈমাসিকের খারাপ ফলাফল ও শেয়ারগুলোর অনেক বেশি ভ্যালুয়েশন। এ ছাড়াও ডিফেন্স ও রেলওয়ে সেক্টরের সংস্থাগুলোতে বরাত কম আসায় সংস্থাগুলোর আরও বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মনেই সংশয় তৈরি হয়েছিল।
এ ছাড়াও ব্যাঙ্কিং, তথ্য প্রযুক্তির মতো প্রাইভেট সেক্টর সংস্থাগুলো ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর জনপ্রিয়তায় থাবা বসিয়েছে। ফলে পড়েছে এই সংস্থাগুলোর শেয়ারের দামও, মনে করছেন বিশেষজ্ঞরা।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।